‘টাকা দিন, কাঁটাতার আমরাই বসাবো’, অনুপ্রবেশ রুখতে শাহর মন্ত্রককে পাল্টা চ্যালেঞ্জ মমতার

দিল্লিতে বঙ্গভবনের সাংবাদিক বৈঠক থেকে অনুপ্রবেশ এবং সীমান্ত সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বেনজির আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি যখন লাগাতার অভিযোগ তুলছে যে রাজ্য সরকার সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি দিচ্ছে না, তখন পাল্টা কেন্দ্রকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল নেত্রী। তাঁর সাফ কথা, “কেন্দ্র টাকা দিয়ে দিক, সীমান্ত ফেন্সিংয়ের কাজ আমরাই (রাজ্য সরকার) করে দেব।”

জমি বিতর্ক ও বিএসএফের এক্তিয়ার: কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে ফেন্সিংয়ের জন্য জমি দিতে হবে। এই প্রসঙ্গে মমতা বলেন, “আমরা কয়লা, তেল, রেল এবং আধাসামরিক বাহিনীর জন্য অনেক জমি দিয়েছি। সব জমি এখনই দিয়ে দেওয়া সম্ভব নয়।” এরপরই তিনি বিএসএফের এক্তিয়ার নিয়ে সরব হন। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিএসএফের এক্তিয়ার ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিমি করেছেন। মমতা বলেন, “সীমান্তের ৫০ কিমি ভেতরে ঢুকে বিএসএফ সাধারণ মানুষকে হেনস্থা করে, ভয় দেখায়, এমনকি গুলিও চালায়। আমরা কাঁটাতার বসাতে রাজি, তবে বিএসএফের এক্তিয়ার আগের মতো ১৫ কিমিতেই সীমাবদ্ধ রাখতে হবে।”

অনুপ্রবেশ ও এসআইআর প্রসঙ্গ: অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করে মমতা প্রশ্ন তোলেন, বিএসএফ তো কেন্দ্রের অধীনে, তাহলে অনুপ্রবেশ ঠেকানোর দায় কি রাজ্যের? বিজেপির দাবি ছিল, এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে অনুপ্রবেশকারী চিহ্নিত করা হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ক্ষোভ উগড়ে দিয়ে প্রশ্ন করেন, “এসআইআর-এ কতজন অনুপ্রবেশকারী পেলেন? আসলে মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কাটার জন্যই এই চক্রান্ত হচ্ছে।”

রাজ্য রাজনীতির পর্যবেক্ষকদের মতে, অনুপ্রবেশ ইস্যুতে এতকাল ব্যাকফুটে থাকলেও, এবার সরাসরি কেন্দ্রের ওপর দায় চাপিয়ে এবং বিএসএফের এক্তিয়ার কমানোর শর্ত দিয়ে পাল্টা চাপ বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy