শীতের মাফলারই যমদূত! তেল কলে কাজ করার সময় মর্মান্তিক পরিণতি শ্রমিকের

শীতের ভোরে শরীরকে উষ্ণ রাখতে মাফলার জড়িয়েছিলেন, কিন্তু সেই মাফলারই যে শেষপর্যন্ত ঘাতক হয়ে উঠবে, তা কল্পনাও করতে পারেননি সিরাজুল মণ্ডল। মঙ্গলবার সকালে কালনার সমুদ্রগড়ের সিদ্দেপাড়া এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কাজ করার সময় গলায় জড়ানো মাফলার মেশিনে ঢুকে গিয়ে প্রাণ হারালেন এক তেল কল শ্রমিক।
কী ঘটেছিল সেই মুহূর্তে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিরাজুল প্রতিদিনের মতোই সমুদ্রগড়ের একটি সরষের ঘানি কলে কাজ করতে গিয়েছিলেন। ভোরে ঠান্ডা থাকায় গলায় মাফলার জড়িয়ে নিয়েছিলেন তিনি। ঘানি কলে ঝুঁকে সরষে পেষাইয়ের কাজ করার সময় হঠাতই তাঁর মাফলারের একাংশ মেশিনের ভেতর ঢুকে যায়। কিছু বুঝে ওঠার আগেই মাফলারের টানে সিরাজুলের গলাটি সরাসরি মেশিনে ঢুকে যায়। ভারসাম্য হারিয়ে তিনি ছিটকে পড়েন এবং মেশিনের ধারালো অংশে তাঁর গলার অধিকাংশ অংশ কেটে যায়।
[Image showing the oil mill premises cordoned off by police after the tragic accident]
সহকর্মীরা দ্রুত ছুটে এসে সিরাজুলকে উদ্ধার করার চেষ্টা করেন এবং মেশিন বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে সব শেষ। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে পড়েন তিনি। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
সিরাজুলের এক দীর্ঘদিনের সহকর্মী বলেন, “উনি খুবই দক্ষ শ্রমিক ছিলেন। সব সময় সচেতন থাকতেন। আজ কেন এমনটা হলো আমরা বুঝতে পারছি না।” এই ঘটনায় সিদ্দেপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি কীভাবে ঘটল তার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে কল কারখানায় নিরাপত্তা বিধি মানা হচ্ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।