ব্রণ তাড়াতে লেবুর রস মাখছেন? এই ভুলেই আরও ক্ষতি হতে পারে ত্বকের

এমন অনেক খাদ্য পণ্য রয়েছে, যা ত্বকের জন্য মোটেও উপকারী নয়। এগুলো শুধু যে ত্বকের ক্ষতি করে, তা নয়। ত্বকে অকাল বার্ধক্যও ডেনে আনে। সময়ের আগে বুড়িয়ে যায় ত্বক। সংবেদনশীল হয়ে ওঠে ত্বক।

মুঠোবন্দি ফোনের মধ্যে প্রায় সমস্যার সমাধান মেলে। ত্বকে কিছু গোলমাল দেখা দিলেই ইন্টারনেটে খুঁজে নেন সমাধান। চেষ্টা করেন, ত্বকের সমস্যা সমাধানে প্রাকৃতিক ও উপকারী পণ্য ব্যবহার করার। প্রাকৃতিক উপাদান ব্যবহারে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু সব প্রাকৃতিক উপাদানই ত্বকের জন্য ভালো এমনটা ভাববেন না। এমন অনেক উপাদান থাকে, যা ব্রণ, দাগছোপ দূর করতে উপযোগী। যেমন হলুদ, কাঁচা দুধ ইত্যাদি। আবার এমনও উপাদান রয়েছে, যা অনেকেই মুখে মাখেন, কিন্তু তা ত্বকের জন্য ভালো নয়। আবার কিছু খাবারও রয়েছে, যা খেলে ত্বকের বারোটা বাজতে পারে। এসব উপাদান থেকে দূরে থাকাই ত্বকের জন্য ভালো।

ত্বকে লেবুর রস মাখবেন না

ট্যান তুলতে অনেকেই ত্বকে লেবুর রস মাখেন। অনেকের মতে, লেবুর অ্যাসিডিক বৈশিষ্ট্য দাগ তুলতেও কার্যকর। কিন্তু নিয়মিত লেবুর রস মাখলে ত্বক সংবেদনশীল হয়ে উঠবে। রোদে বেরোলে ত্বক জ্বলতে পারে। লেবুর রস যত কম ব্যবহার করবেন, ত্বকের জন্য ভালো। ব্রণ দূর করতেও অনেকে লেবুর রস ব্যবহার করেন। লেবুর রস ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। কিন্তু নিয়মিত ভুলেও এটি ব্যবহার করা চলবে না।

চলবে না রেড ওয়াইন

মদপান শুধু যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা নয়। ত্বকের জন্যও মারাত্মক। রেড ওয়াইনের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি র‍্যাডিকেলের হাত থেকে বাঁচায়, বার্ধক্য প্রতিরোধ করে। কিন্তু রেড ওয়াইন খাওয়া কোনওভাবেই ত্বকের জন্য উপকারী নয়। বরং, মদপানের জেরে ত্বক অকালে বুড়িয়ে যেতে পারে। শুষ্ক ত্বক, চোখের তলায় কালশিটে দাগ, ফোলাভাব নানা লক্ষণ দেখা দেবে। পাশাপাশি ত্বককে ডিহাইড্রেট করে দেয়। তাই রেড ওয়াইন থেকে দূরে থাকুন। বরং, দেহে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বজায় রাখলে ভিটামিন সি, ই সমৃদ্ধ খাবার খান।

চিনি থেকে দূরে থাকুন

স্বাস্থ্য সচেতন বাঙালি চিনি থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছে। চিনি খেলে ত্বকের উপর তার প্রভাব পড়বেই। চিনি কোলাজেনকে ভেঙে দেয় এবং হিলিং প্রক্রিয়াকে ধীর করে দেয়। ত্বকে অকাল বার্ধক্য দেখা দেয়। সুতরাং, চিনি খেলে ত্বকের সমস্যা বাড়বেই। ত্বক এক্সফোলিয়েশনের জন্যও অনেকেই চিনির স্ক্রাব ব্যবহার করেন। ত্বকের উপর অতিরিক্ত ঘষাঘষিরও কিন্তু মারাত্মক ফল হতে পারে। ত্বকের উপর চিনি ঘষলে ত্বক সংবেদনশীল হয়ে উঠবে। ব্রণ, র‍্যাশের সমস্যাও দেখা দিতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy