আবারও গতির শিকার হলো এক তরতাজা প্রাণ। মাঝ সড়কে দ্রুত গতির ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন এক স্কুটি চালক যুবক। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরের কাঁকসা থানার রূপগঞ্জ এলাকার এই মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সোমনাথ ঘোষ (২৪)। তিনি কাঁকসার রূপগঞ্জ এলাকারই বাসিন্দা ছিলেন।
সোমবার দুপুরে সোমনাথ তাঁর স্কুটি নিয়ে কুলডিহার থেকে মুচিপাড়ার দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ে প্রচণ্ড গতিতে একটি ফাঁকা ডাম্পার মুচিপাড়ার দিক থেকে কুলডিহার দিকে আসছিল। আচমকাই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে রূপগঞ্জের কাছে সোমনাথের স্কুটিতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় যুবক মাঝ সড়কেই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ছুটে এসে সোমনাথকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, দুর্ঘটনার পর থেকেই ঘাতক ডাম্পারের চালক এবং খালাসি দু’জনেই ঘটনাস্থল থেকে পলাতক। এই মর্মান্তিক পথ দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ শুরু করেন। বেশ কিছুক্ষণ এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়। কাঁকসা থানার পুলিশ ডাম্পারটিকে বাজেয়াপ্ত করে পলাতক চালক ও খালাসীর খোঁজে তদন্ত শুরু করেছে।