দেশজুড়ে বোতলজাত জলের নমুনা সংগ্রহে এফএসএসএআই! দু’মাসে মিলবে পরীক্ষার ফল

ভারতের খাদ্য সুরক্ষা ও মানক কর্তৃপক্ষের প্রধান কার্যনির্বাহী আধিকারিক রাজিত পুনহানি বুধবার জানিয়েছেন যে, খাদ্য নিয়ন্ত্রক সংস্থা দেশব্যাপী বোতলজাত জলের নমুনা সংগ্রহ করছে এবং সেগুলির পরীক্ষাগার বিশ্লেষণ প্রায় দুই মাসের মধ্যে সম্পন্ন হবে। পুনহানি আরও জানান যে, খাদ্যদ্রব্যে ব্যবহৃত প্যাকেজিং বা মোড়কের সামগ্রীও শীঘ্রই পরিদর্শন শুরু করবে এফএসএসএআই। তাঁর মতে, এই উপাদানগুলি খাদ্যদ্রব্যের জন্য নির্ধারিত সুরক্ষা মানদণ্ড অনুযায়ী হতে হবে।

বিসলেরির বোতলজাত জলের একটি নমুনা পরীক্ষাগারে মানোত্তীর্ণ না হওয়ায় এফএসএসএআই তদন্তের পরিধি বাড়িয়েছে। সংস্থাটি বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা রুজু করার অনুমোদনও দিয়েছে। বোতলজাত জলের বিরুদ্ধে পদক্ষেপ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পুনহানি বলেন, তাঁরা এই প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন এবং কাজ শুরু হয়েছে। দেশজুড়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, এর পেছনে আলাদা কোনও নির্দিষ্ট ঘটনা বা কারণ নেই।

গত এক বছরে দেখা গেছে, তাঁরা ধাপে ধাপে বিভিন্ন ক্ষেত্র খতিয়ে দেখেছেন। দুগ্ধজাত পণ্য, মাংস, ডিম, শস্য, এনার্জি ড্রিংকস এবং মিষ্টি পানীয়ের নমুনা পরীক্ষা করা হয়েছে, আর জলও সেই ধারাবাহিক প্রক্রিয়ারই অঙ্গ।

পুনহানি উল্লেখ করেন যে, খাদ্যপণ্যের বিভ্রান্তিকর বিজ্ঞাপন এবং লেবেলের দাবির বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে। বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কবে শুরু হবে, সেই প্রশ্নে তিনি জানান যে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে জানা গিয়েছিল যে, বোতলজাত জলের ব্যবসার সঙ্গে যুক্ত প্রধান সংস্থাগুলির দপ্তর ও কারখানা পরিদর্শন করেছেন এফএসএসএআই আধিকারিকরা এবং পরীক্ষাগারে পাঠানোর জন্য নমুনা সংগ্রহ করেছেন।

কোনও সংস্থার নমুনা পরীক্ষায় ব্যর্থ হলে এবং বিধিভঙ্গ ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। রবিবার সমাজমাধ্যমে এক বার্তায় এফএসএসএআই জানায় যে, অনিরাপদ বোতলজাত জলের মামলায় বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। মিনারেল ওয়াটার বাদে সংস্থার প্রাঙ্গণ থেকে বোতলজাত জলের একটি নমুনা সংগ্রহ করা হয়েছিল।

সংস্থার তথ্য অনুযায়ী, ওই নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে ছিল না এবং খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬ অনুসারে তা অনিরাপদ হিসেবে চিহ্নিত হয়। জল জীবাণুমুক্ত করার সময় ব্রোমেট নামক রাসায়নিক যৌগ তৈরি হতে পারে।

পানীয় জলে এর মাত্রা নির্ধারিত সীমা ছাড়িয়ে গেলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। সংস্থার আবেদনের ভিত্তিতে নমুনাটি রেফারেন্স ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়।

কিন্তু সেখানেও পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন বা পিএএইচ পাওয়ায় নমুনাটিকে অনিরাপদ ঘোষণা করা হয়। পিএএইচ হল এমন এক শ্রেণির রাসায়নিক যৌগ, যার কিছু উপাদান ক্যানসার সৃষ্টিকারী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন এর সংস্পর্শে থাকলে ক্যানসারের আশঙ্কা বাড়তে পারে।

পরীক্ষাগারের প্রতিবেদনে খাদ্য সুরক্ষা আইনের অধীনে অনিরাপদ খাদ্য সংক্রান্ত বিধি লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত হয়েছে। অন্যদিকে সোমবার বিসলেরি ইন্টারন্যাশনাল দাবি করে যে তাদের বোতলজাত জল পানের উপযোগী এবং তারা নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সহযোগিতা করবে।