৩০ নভেম্বর সংসদে জরুরি অধিবেশন! ডিলিমিটেশন বিল পাশ করাতে বড় অঙ্ক কষছে কেন্দ্র!

৩০ নভেম্বর, সোমবার সংসদে জরুরি অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার। অধিবেশনের সুনির্দিষ্ট কারণ এখনও জানানো হয়নি, তবে আগেই সংসদীয় বৈঠকে দলের সব নেতা, মন্ত্রী ও সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিদেশ সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পদক্ষেপে বিরোধীদের অনুমান, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার এই অধিবেশনেই জরুরি ভিত্তিতে ডিলিমিটেশন বিল পাশ করানোর চেষ্টা করতে পারে। এর আগে প্রয়োজনীয় আসনের অভাবে বিল পাশের চেষ্টা ব্যর্থ হলেও, এবার হিসেব কষেই অধিবেশন ডাকা হয়েছে বলে সূত্রের খবর।

ডিলিমিটেশন বিল পাশ করাতে লোকসভায় প্রায় ৩৬০-এর ‘ম্যাজিক নম্বর’-এর হিসেব কষছে কেন্দ্র। সূত্রের দাবি, সব রাজ্যে আসন ৫০ শতাংশ বাড়ানোর শর্ত যোগ করতে রাজি হলে ডিএমকে ও এনসিপি-র সমর্থনের পথ খুলতে পারে, যা সংখ্যাগরিষ্ঠতার অঙ্কে বড় ভূমিকা নিতে পারে।

শরদ পাওয়ারের এনসিপি ইতিমধ্যে বিশেষ অধিবেশনে হাজির থাকতে তাদের আট সাংসদকে হুইপ জারি করেছে এবং কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে ৫০ শতাংশের আশ্বাস মিললে বিলের পক্ষে থাকার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে তামিলনাড়ুতে কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদের পর ইন্ডিয়া জোট ছাড়া ২২ সাংসদের ডিএমকে-র বিরোধিতাও নরম হয়েছে; ডিলিমিটেশনের পরেও তামিলনাড়ুর ৭.২ শতাংশ প্রতিনিধিত্ব বজায় রাখার দাবি পূরণ হলে ৫০ শতাংশ বৃদ্ধির ধারা তাদের উদ্বেগ কমাতে পারে।

গত ১৭ এপ্রিল সংবিধান সংশোধনী বিলটি ভোটে উঠলে পক্ষে পড়ে ২৯৮ ভোট এবং বিপক্ষে ২৩০ ভোট; উপস্থিত ও ভোটদানকারী ৫২৮ সাংসদের মধ্যে ৩৫২ ভোট না পাওয়ায় সরকার ৫৪ ভোটে পিছিয়ে ছিল। সরকারি ফ্লোর ম্যানেজারদের হিসেবে, ৫৪০ জন সাংসদ পুরোপুরি উপস্থিত থাকলে দুই-তৃতীয়াংশের সংখ্যা দাঁড়ায় প্রায় ৩৬০, তবে অনুপস্থিতির হার বাড়লে সেই অঙ্ক কমতে পারে।

নতুন হিসেবে এনডিএ নিশ্চিতভাবে ৩১৯ জন সাংসদকে ধরছে, যার মধ্যে বিজেপির ২৪১ জন এবং তৃণমূলের ২৮ সাংসদের মধ্যে আলাদা দল এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন রয়েছেন; এই সপ্তাহে ফেরা শিরোমণি অকালি দলের এক সাংসদকেও ধরা হয়েছে। এনসিপি (শরদচন্দ্র পাওয়ার)-র আট সাংসদ যোগ হলে সংখ্যাটা দাঁড়ায় ৩২৮ এবং ডিএমকে-র ২২ জন যুক্ত হলে পৌঁছায় ৩৫০-এ, যা দুই-তৃতীয়াংশ থেকে ১০ ভোট কম।

জগনমোহন রেড্ডির ওয়াইএসআরসিপি-র চার সাংসদ সমর্থন দিলে সংখ্যা ৩৫৫ হতে পারে, যা লক্ষ্য থেকে মাত্র পাঁচ ভোট দূরে; পাশাপাশি অসমে ইউপিপিএল-এর এক সাংসদ ও গতবার পক্ষে থাকা এক নির্দল সাংসদের সমর্থনের আশাও রয়েছে। তবে ভোটের দিন উপস্থিত সাংসদদের হিসেবে জটিলতা রয়েছে—বর্ষাকালীন অধিবেশনে সাসপেন্ড হওয়া তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কারাবন্দি শেখ রশিদ ও অমৃতপাল সিংয়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন আছে, আর ন্যাশনাল কনফারেন্সের আগা রুহুল্লার ইস্তফার পর দলটির সাংসদ সংখ্যা কমে এক হয়েছে। এ ছাড়া এএপি, নির্দল, জেডপিএম, এএসপি ও এআইএমআইএম-এর সাংসদদের অনুপস্থিতি বা ভোটদানে বিরতিও ফল নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে।