“১.২৫ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি!” পিএম যশস্বী স্কলারশিপে কারা কীভাবে আবেদন করবেন?

আর্থিক অনগ্রসর পরিবারের পড়ুয়াদের পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে কেন্দ্রীয় সরকার পিএম যশস্বী বৃত্তি প্রকল্প চালু করেছে। সমাজকল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রকের অর্থায়নে চলা এই উদ্যোগের আওতায় ওবিসি (OBC), ইডব্লিউএস (EWS) এবং ডিএনটি (DNT) শ্রেণির ছাত্রছাত্রীরা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। স্কুল থেকে শুরু করে উচ্চতর স্তরে পড়ুয়াদের পাশে দাঁড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত যোগ্য শিক্ষার্থীরা এই প্রকল্পের মাধ্যমে বছরে ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারেন। এই যোজনার মূল উদ্দেশ্য, যোগ্যতার মাপকাঠি এবং বৃত্তির অঙ্ক সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

পিএম যশস্বী স্কলারশিপ প্রকল্প কী? ‘একটি প্রাণবন্ত ভারতের জন্য প্রধানমন্ত্রী তরুণ কৃতিত্ব অর্জনকারী বৃত্তি পুরস্কার প্রকল্প’ বা পিএম-যশস্বীর লক্ষ্য হলো পিছিয়ে পড়া ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের পড়ুয়াদের শিক্ষাক্ষেত্রে সহায়তা দেওয়া। টাকার অভাবে যাতে কোনও শিক্ষার্থী মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য না হয়, সেটিই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। প্রি-ম্যাট্রিক বৃত্তি, পোস্ট-ম্যাট্রিক বৃত্তি, স্কুলে উচ্চশিক্ষা, কলেজে উচ্চশিক্ষা এবং ওবিসি পড়ুয়াদের জন্য ছাত্রাবাস নির্মাণ—এই পাঁচটি প্রধান ভাগে প্রকল্পটি পরিচালিত হয়।

আবেদনের যোগ্যতার শর্ত

  • আবেদনকারীকে অবশ্যই ওবিসি, ইডব্লিউএস অথবা ডিএনটি সম্প্রদায়ভুক্ত হতে হবে।

  • পড়ুয়াকে নবম, দশম, একাদশ বা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হতে হবে।

  • পূর্ববর্তী পরীক্ষায় অর্থাৎ অষ্টম বা দশম শ্রেণিতে অন্তত ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

  • শিক্ষার্থীর অভিভাবকদের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

  • আবেদনের সময় প্রয়োজনীয় সমস্ত নথিপত্র প্রস্তুত রাখতে হবে।

কত টাকা মিলবে বৃত্তি? শ্রেণি অনুযায়ী এই প্রকল্পে বৃত্তির পরিমাণ নির্ধারিত হয়েছে। যোগ্য প্রার্থীরা বার্ষিক ৭৫,০০০ টাকা থেকে ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন। নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বছরে ৭৫,০০০ টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বছরে ১,২৫,০০০ টাকা বরাদ্দ রয়েছে।