১ ডিসেম্বর থেকে বাড়ছে হুন্ডাই ও টাটার গাড়ির দাম! তবে ডিলারের ছারে বাঁচতে পারে বড় অঙ্ক?

বছরের শেষ মাস ডিসেম্বরে নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে ক্রেতাদের সামনে এ বছর মিশ্র ছবি উঠে আসছে। একদিকে মারুতি সুজুকি, হুন্ডাই, টাটা মোটরস এবং অডির মতো সংস্থাগুলো গাড়ির দাম বাড়াচ্ছে বা বাড়ানোর ঘোষণা দিয়েছে। অন্যদিকে, শোরুমে অবিক্রিত স্টক কমাতে ডিসেম্বরে ডিলারদের পক্ষ থেকে বড় ছাড়ের সম্ভাবনাও তৈরি হয়েছে। ফলে মূল্যবৃদ্ধির মাঝেও সঠিক হিসাব কষে ক্রেতাদের সাশ্রয়ের সুযোগ থাকছে।
কোন সংস্থা কত দাম বাড়াচ্ছে? মারুতি সুজুকি গত ২২ নভেম্বর থেকে নির্বাচিত কিছু মডেলের দাম গড়ে ০.৩১ শতাংশ বাড়িয়েছে। চলতি বছরে এটি তাদের চতুর্থ দফার মূল্যবৃদ্ধি; এর আগে জুন ও আগস্টে সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং সেপ্টেম্বরে ২০ হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছিল। হুন্ডাই আগামী ১ ডিসেম্বর থেকে নির্দিষ্ট কিছু মডেল ও ভ্যারিয়েন্টের দাম ৮ হাজার টাকা পর্যন্ত বাড়াবে, যা জানুয়ারি, জুন ও সেপ্টেম্বরের পর তাদের আরেকটি মূল্য সমন্বয়।
একই দিনে অর্থাৎ ১ ডিসেম্বর থেকে পেট্রোল, ডিজেল ও ইলেকট্রিক গাড়ির দাম গড়ে ০.৫ শতাংশ বাড়াচ্ছে টাটা মোটরস। চলতি অর্থবছরে এপ্রিল, জুলাই ও সেপ্টেম্বরের পর এটি চতুর্থ মূল্যবৃদ্ধি। এ ছাড়া বিলাসবহুল গাড়ি নির্মাতা অডি আগামী বছরের ১ জানুয়ারি থেকে গাড়ির দাম ২ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে।
কেন বারবার বাড়ছে গাড়ির দাম? গাড়ি নির্মাতাদের মতে, যানবাহন তৈরিতে ব্যবহৃত তামা, ইস্পাত, রাবার ও প্লাস্টিকের মতো কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বাড়ছে। পাশাপাশি রুপির বিনিময় হারের ওঠানামাও প্রভাব ফেলছে। টাটা মোটরসের সিএফও ধীমান গুপ্তা জানিয়েছেন, চলতি অর্থবছরের প্রথমার্ধে মূল্য সমন্বয় ও খরচ নিয়ন্ত্রণের মাধ্যমে কাঁচামালের বাড়তি খরচের প্রায় ৪০ শতাংশ সামাল দেওয়া হয়েছে এবং বাকিটা সংস্থা বহন করেছে। হুন্ডাইয়ের কে.এস. হরিহরণ জানিয়েছেন, সেপ্টেম্বর ত্রৈমাসিকে কাঁচামালের ব্যয় বৃদ্ধিতে কোম্পানির মুনাফার হার প্রায় ৪ শতাংশ পয়েন্ট কমেছে। ইস্পাত ও তামার চড়া দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মারুতিও।
ডিসেম্বরে কেন বেশি ছাড় মিলতে পারে? দাম বাড়লেও বছরের শেষে ক্রেতাদের জন্য আশার জায়গা তৈরি হয়েছে ডিলারদের হাতে থাকা স্টকের কারণে। ফাদার (FADA) তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষে ডিলারদের কাছে প্রায় ৪৩ থেকে ৪৫ দিনের স্টক ছিল, যেখানে আদর্শ হিসেবে ধরা হয় ২১ দিনের স্টক। উৎসবের সূচির পরিবর্তনের কারণে অক্টোবরে যাত্রীবাহী গাড়ির খুচরা বিক্রি ১৪.২৩ শতাংশ কমে ৫,০৭,৭৬৮ ইউনিটে নেমে আসে। নতুন বছর শুরু হলে আগের বছরের তৈরি গাড়ি বিক্রি করা আরও কঠিন হয়ে পড়ে। তাই হাতে থাকা স্টক কমাতে ও সুদের বোঝা হালকা করতে ডিসেম্বরে ডিলাররা বাড়তি ছাড় দিতে পারেন।
ক্রেতাদের জন্য করণীয় ধরা যাক, ১০ লাখ টাকার একটি গাড়ির দাম ০.৫ শতাংশ বাড়লে বাড়তি খরচ দাঁড়ায় ৫ হাজার টাকা। কিন্তু ডিলার যদি তার চেয়ে বেশি ছাড় দেন, তবে শেষ পর্যন্ত ক্রেতার সাশ্রয়ই হবে। তবে নতুন আসা বা চাহিদা বেশি থাকা মডেলে বড় ছাড় পাওয়া কঠিন হতে পারে। তাই কেবল ছাড়ের লোভ না করে গাড়ির মডেল, ভ্যারিয়েন্ট, উৎপাদন সাল এবং চূড়ান্ত দাম যাচাই করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।