১২ লক্ষ পুণ্যার্থীর সমাগম! হেলিকপ্টার থেকে ফুল ছড়িয়ে বোল্লা রক্ষাকালী পুজোর সূচনা

বাংলার বিভিন্ন প্রান্তে শক্তির আরাধনা করা হয়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বছরের পর বছর ধরে কালীপুজো হয়ে আসছে। দক্ষিণ দিনাজপুরের শ্রী শ্রী বোল্লা রক্ষাকালী মন্দির তেমনই এক বিখ্যাত তীর্থক্ষেত্র, যেখানে রক্ষাকালী পুজোয় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম দেখা যায়।
আকাশ থেকে ঝরে পড়ছে ফুল, আর নীচে হাজার হাজার ভক্তের ভিড়। ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি আর ‘জয় মা বোল্লা কালী’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গোটা অঞ্চল। ৩০০ বছরেরও বেশি প্রাচীন দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বোল্লা কালীপুজোকে ঘিরে ফের জনসমুদ্রের চেহারা নিল মন্দির চত্বর। প্রতি বছরের মতো এবারও রাস পূর্ণিমার পরের শুক্রবার মহাসমারোহে অনুষ্ঠিত হল মা বোল্লা কালীর পুজো। শুধু দক্ষিণ দিনাজপুর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন্রাজ্য, এমনকী বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই পুজোকে কেন্দ্র করে। ভক্তদের বিশ্বাস, মা বোল্লা অত্যন্ত জাগ্রত; তাই মায়ের কাছে মানত করা এবং তা পূরণ হলে পুজো দিতে আসার রীতি দীর্ঘদিনের। পুজো উপলক্ষে বহু ভক্ত পাঠা বলিদানও দেন।
আকাশ থেকে পুষ্পবৃষ্টি ও মেলায় জনসমুদ্র এ বারের পুজোর অন্যতম প্রধান আকর্ষণ ছিল হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। তারাপীঠ ও তারকেশ্বরের মতো বোল্লা কালীমন্দিরেও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ভক্তদের উদ্দেশে আকাশপথে ফুল ছড়ানো হয়। সেই পুষ্পবৃষ্টির সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। আকাশ থেকে ফুলের বৃষ্টি দেখতে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। প্রশাসন সূত্রে খবর, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চার দিনের এই মেলায় ১২ লক্ষেরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে, যার জেরে মন্দির ও মেলা চত্বর জুড়ে এখন উৎসবের আবহ।
বোল্লা কালীপুজোর প্রাচীন ইতিহাস বোল্লা কালীপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এক প্রাচীন লোককথা। কথিত আছে, ইংরেজ আমলে বোল্লা এলাকার এক জমিদার ব্রিটিশ সরকারের সঙ্গে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন। মামলার শেষ দিনে তিনি গ্রামের রক্ষাকালী মায়ের কাছে প্রার্থনা করেন এবং মানত করেন যে, মামলায় জয়ী হলে রাস পূর্ণিমার পরের শুক্রবার ধুমধাম করে মায়ের পুজো দেবেন। জনশ্রুতি অনুযায়ী, প্রায় হেরে যাওয়া সেই মামলায় শেষ পর্যন্ত জয়ী হন জমিদার এবং নিজের মানত পূরণ করতে রাস পূর্ণিমার পরের শুক্রবার মহাসমারোহে পুজোর আয়োজন করেন। সেই থেকেই এই বিশেষ শুক্রবারে বোল্লা কালীপুজোর প্রচলন।
মায়ের টানে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ভক্তরা। প্রথমবার পুজো দিতে আসা প্রশান্ত মণ্ডলের কথায়, “এ বছরই প্রথম মায়ের পুজো দিতে এলাম। শুনেছি মা খুব জাগ্রত। তাই নিজের মনের ইচ্ছা জানাতে এবং মায়ের আশীর্বাদ নিতে এসেছি।” অন্যদিকে, বিহার থেকে আসা রঞ্জিত সিং জানান, “এর আগেও মায়ের কাছে এসেছিলাম। একটি মানত করেছিলাম। সেই মনস্কামনা পূরণ হওয়ায় আবার আনন্দের সঙ্গে মায়ের দর্শন করতে এসেছি।” লোকবিশ্বাস, শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আর ভক্তির টানে এ বারও বোল্লা পরিণত হয়েছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসবের কেন্দ্রবিন্দুতে।