সকালের পাড়ায় গুলির লড়াই! কুয়োর পাশে লুকিয়ে থাকা দুষ্কৃতী প্রতাপকে গুলি করে পাকড়াও পুলিশের

সকালে সন্তানদের স্কুলে পাঠিয়ে সবে দৈনন্দিন কাজে ব্যস্ত হয়েছিলেন পাড়ার মহিলারা; কেউ ঘরের কাজে, কেউ রান্নাবান্নায়। ঠিক তখনই আচমকা বন্দুক হাতে দুষ্কৃতী এবং তাকে ঘিরে পুলিশের তাড়া। মুহূর্মুহু গুলির শব্দে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় আসানসোলের ইসমাইলের পাঞ্জা গলি। এতদিন সিনেমার পর্দায় দেখা বন্দুকবাজের সঙ্গে পুলিশের গুলির লড়াই এবার চোখের সামনে দেখলেন এলাকার মানুষ।
শুক্রবার কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ দাস ওরফে প্যাঁও গুরুতর আহত হয়ে গ্রেফতার হলেও আতঙ্ক কাটছে না বাসিন্দাদের। যেভাবে প্রতাপ একের পর এক বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল, তাতে যে কোনও সময় কোনও বাড়ির ভিতরে ঢুকে পড়তে পারত সে। অনেকের বাড়ির পিছনের দরজা খোলাই ছিল এবং সেখানে শিশুরা খেলাধুলো করে; ফলে সামান্য এদিক-ওদিক হলেই বড়সড় বিপদ ঘটে যেতে পারত।
ঘটনার প্রত্যক্ষদর্শী পিউ সামন্ত বলেন, “সকাল থেকেই বন্দুক হাতে দুষ্কৃতী আর তাকে ধরতে পুলিশের দৌড়াদৌড়ি। আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এমন দৃশ্য কখনও দেখিনি। পুলিশ বাড়ির দরজা-জানলা বন্ধ রাখতে বলে। পাড়ার সবাই ছাদে উঠে যাই। আমাদের বাড়ির পিছনে কুয়ো রয়েছে, সেখানেই লুকিয়েছিল প্রতাপ। পুলিশ তাকে সেখান থেকেই গুলি করে গ্রেফতার করে। আমাদের বাড়ির পিছনের দরজা প্রায়ই খোলা থাকে। সেখানে বাচ্চার খেলা করে। প্রতাপ যদি বাড়ির ভিতরে ঢুকে পড়ত, তাহলে বড়সড় বিপদ হতে পারত।”
আরেক বাসিন্দার অভিজ্ঞতাও যথেষ্ট উদ্বেগজনক। কাঞ্চন উপাধ্যায় নামে ওই বাসিন্দা বলেন, “কয়েকদিন আগে আসানসোল জেলা হাসপাতালের সামনে একটি এটিএমে এই ছেলেটির সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি চিনতাম না। সেদিন আমার দিকে অস্বাভাবিকভাবে তাকিয়ে মেজাজ দেখিয়ে বাইক নিয়ে চলে গিয়েছিল। পরে টিভিতে ছবি দেখে আজ বুঝতে পারছি, সেই লোকটা প্রতাপ ছিল। সাময়িক স্বস্তি পেলেও প্রতাপ ধরা পড়ার পর তার সঙ্গীরা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে।”
স্থানীয় বাসিন্দা পার্থ সেনগুপ্তের কথায়, “সকালে মেয়েকে স্কুলে পাঠানোর পরেই এই ঘটনা ঘটে। স্কুল থেকে ফেরার সময় যদি এমন পরিস্থিতি তৈরি হত, তাহলে বাচ্চারাও আতঙ্কিত হয়ে পড়ত। কখনও ভাবিনি আমাদের পাড়ার পাশে এমন কুখ্যাত দুষ্কৃতী আছে। সকাল থেকে ফায়ারিংয়ের শব্দে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলাম।”
বৈশাখী সেনগুপ্ত নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, “পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলো করে, স্কুলে যায়। সেখানে একজন প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে এবং গুলি চালাচ্ছে, এমন দৃশ্য কখনও কল্পনাও করিইনি। পুলিশকে অনেক ধন্যবাদ। পরিশ্রম করে এরকম একটা দুষ্কৃতীকে ধরার জন্য।”
ঘটনার সূত্রপাত বুধবার। ইসমাইলের মাদার টেরেসা গলিতে প্রতাপের বাড়িতে অভিযান চালাতে যায় পুলিশ। একাধিক অপরাধমূলক মামলায় অভিযুক্ত প্রতাপের বিরুদ্ধে সম্প্রতি একটি সাইবার মামলায় তদন্ত চলছিল। অভিযোগ, পুলিশ তার বাড়িতে পৌঁছতেই সে আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়; যদিও সেই গুলি কোনও পুলিশকর্মীর গায়ে লাগেনি। এরপর থেকেই তাকে ধরতে শুরু হয় জোরদার তল্লাশি।
বৃহস্পতিবার ইসমাইল থেকে হটন রোড, বিভিন্ন এলাকায় চলে পুলিশি অভিযান। মোবাইল ফোনের লোকেশন সূত্র ধরে হটন রোড সংলগ্ন পূর্বাশা লেনেও ব্যাপক তল্লাশি চালানো হয়। বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেললেও গভীর রাত পর্যন্ত প্রতাপের কোনও সন্ধান মেলেনি। শুক্রবার ফের ইসমাইল এলাকায় বন্দুক হাতে প্রতাপকে ঘোরাফেরা করতে দেখা যায়। খবর পেয়েই গোটা এলাকা ঘিরে ফেলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
পুলিশকে সামনে দেখেই গুলি চালাতে শুরু করে প্রতাপ। এরপর এক বাড়ি থেকে অন্য বাড়িতে, কখনও দেওয়াল টপকে পালানোর চেষ্টা করে সে। শেষ পর্যন্ত একটি বাড়ির গলিতে কুয়োর পাশে আশ্রয় নেয়। পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলতেই শুরু হয় গুলির লড়াই। কয়েক রাউন্ড গুলির পর প্রতাপের ডান পায়ে গুলি লাগে। এরপরই তাকে পাকড়াও করে পুলিশ এবং গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে; বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে।
প্রতাপকে গ্রেফতারের পর আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে এলাকায়। তবে যে জায়গায় তাকে আটক করা হয়েছে, সেই এলাকা এখনও পুলিশি কর্ডনে ঘেরা রয়েছে এবং তদন্তে আসছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এলাকাবাসীদের দাবি, শুধু প্রতাপকে গ্রেফতার করলেই হবে না, তার সঙ্গে যুক্ত অন্য অপরাধীদেরও খুঁজে বের করতে হবে। তবেই ইসমাইল ও সংলগ্ন এলাকায় স্বাভাবিক নিরাপত্তা ও শান্তি ফিরবে।