হাতিবাড়ি নাকা পয়েন্টে পুলিশের হানা, বৈধ চালান ছাড়া বালি নিয়ে ধৃত চালকেরা

ভিনরাজ্য ঝাড়খণ্ড থেকে বাংলায় অবৈধভাবে বালি পাচারের চেষ্টা বানচাল করল গোপীবল্লভপুর থানার পুলিশ। অবৈধভাবে বালি পরিবহণের অভিযোগে তিনটি বালি বোঝাই ডাম্পার আটক করার পাশাপাশি তিন জন চালককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গোপীবল্লভপুর-হাতিবাড়ি রাজ্য সড়কে ওড়িশা সীমান্তবর্তী হাতিবাড়ি নাকা পয়েন্টে অভিযান চালিয়ে ডাম্পার তিনটি আটক করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে গোপীবল্লভপুর থানার আইসি অজয় কুমার সিংয়ের নেতৃত্বে পুলিশ সেখানে নজরদারি চালাচ্ছিল। সেই সময় বালি বোঝাই ডাম্পার তিনটি নজরে এলে সন্দেহবশত গাড়িগুলি থামানো হয়।

পুলিশকর্মীরা বালি পরিবহণের বৈধ চালান এবং গাড়ির প্রয়োজনীয় নথিপত্র দেখতে চাইলে চালকেরা প্রথমে তা দেখাতে গড়িমসি করেন বলে অভিযোগ। এরপর নথিপত্র পরীক্ষা করে বৈধ কাগজপত্র না মেলায় ডাম্পার তিনটি আটক করে পুলিশ এবং তিন চালককে গ্রেফতার করে।

ধৃত চালকদের মধ্যে রয়েছেন উত্তর দিনাজপুর জেলার বড়শহর গ্রামের বাসিন্দা শ্যামসুল হক, বিহারের লহরমিয়া গ্রামের গানোয়ারি সিং এবং পূর্ব মেদিনীপুর জেলার আন্দুলিয়া গ্রামের সুভাষ মাইতি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঝাড়খণ্ডের সরাইকেল্লা থেকে বালি বোঝাই করে বাংলায় ঢোকার চেষ্টা করছিল গাড়িগুলি। কোথা থেকে এই বালি তোলা হয়েছিল এবং কোথায় তা পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।