সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিন, জবাব না দেওয়া পর্যন্ত পাসপোর্ট নয়! সৌরভকে কড়া বার্তা কেন্দ্রের

সাত দিনের মধ্যে জন্মস্থান সংক্রান্ত তথ্য স্পষ্ট করার নির্দেশ দিল চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সহ-আহ্বায়ক সৌরভ দাসকে এই জবাব না দেওয়া পর্যন্ত পাসপোর্ট ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে। বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।
জয়সওয়ালের দাবি অনুযায়ী, আইন প্রয়োগকারী সংস্থার রিপোর্টের ভিত্তিতে গত ২৩ নভেম্বর সৌরভ দাসকে কারণ দর্শানোর বা শো-কজ নোটিশ পাঠানো হয়। জন্মস্থান সংক্রান্ত তথ্যে যে অসঙ্গতি ধরা পড়েছে, তা ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়েছে ওই নোটিশে। তবে ঠিক কী ধরনের অসঙ্গতি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
এর আগে সৌরভ দাস অভিযোগ করেন, সোমবার রাত ১টায় লন্ডনগামী বিমানে ওঠার ঠিক আগে দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয় এবং জানানো হয় যে তাঁর পাসপোর্টটি ‘ফ্ল্যাগ’ বা সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি জানান, অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন তাঁকে একটি প্যানেল আলোচনায় ‘ককরোচ মুভমেন্ট’ নিয়ে কথা বলার আমন্ত্রণ জানিয়েছিল; পাশাপাশি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিক্স এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়েও তাঁর বক্তব্য রাখার কথা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ করা পোস্টে বিদেশ যাত্রায় বাধার জন্য কেন্দ্রের মোদি সরকারকে দায়ী করলেও, এই ঘটনায় তাঁর কাজ বা বিদেশ ভ্রমণ থামবে না বলে পাল্টা হুঙ্কার দিয়েছেন সৌরভ।
এদিকে বিমানবন্দরের ঘটনার প্রেক্ষিতে বুধবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সৌরভ দাস। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিতিন বাসুদেও সামব্রে এবং বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চে তাঁর আইনজীবী জরুরি শুনানির আবেদন জানান। আদালত বৃহস্পতিবার এই আবেদনের শুনানির দিন ধার্য করেছে। সৌরভের আইনজীবীর দাবি, অভিবাসন কর্তারা বিদেশে যেতে বাধা দেওয়ার কোনো আনুষ্ঠানিক আদেশ দেখাতে পারেননি এবং চাইলে তিনি এখনও ২৭ নভেম্বর ব্রিটেনে পৌঁছাতে পারেন।