সাড়ে ছয় মাসে ২৩০৬টি বাল্যবিবাহ রুখল প্রশাসন! শীর্ষে কোন জেলা, কী বার্তা মুখ্যমন্ত্রীর?

বাল্যবিবাহ রুখতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সেই বার্তার পর থেকেই রাজ্যের জেলায় জেলায় প্রশাসনিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কোথাও বিয়ের প্রস্তুতি চলাকালীন, আবার কোথাও আগেভাগে খবর পেয়ে হস্তক্ষেপ করছে প্রশাসন। ২০২৬ সালের মে মাস থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গত সাড়ে ছয় মাসে রাজ্যের ২২টি জেলায় মোট ২,৩০৬টি বাল্যবিবাহ আটকানো হয়েছে বলে জেলা ভিত্তিক পরিসংখ্যানে উঠে এসেছে।

বাল্যবিবাহ আটকানোর ক্ষেত্রে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং তৃতীয় স্থানে বীরভূম। পরিসংখ্যান অনুযায়ী, এই সাড়ে ছয় মাসে মুর্শিদাবাদে ৪৮০টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩৫৯টি, বীরভূমে ১৭৪টি, নদিয়ায় ১৬৯টি এবং উত্তর ২৪ পরগনায় ১২৬টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।

তালিকায় এর পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর যেখানে ১২২টি এবং জলপাইগুড়ি যেখানে ১১৪টি বাল্যবিবাহ আটকানো হয়েছে। এছাড়া পূর্ব বর্ধমানে ১০৪টি, দক্ষিণ দিনাজপুরে ১০১টি, মালদা ও বাঁকুড়ায় ৮৮টি করে, কোচবিহারে ৭৯টি এবং উত্তর দিনাজপুরে ৭৫টি বাল্যবিবাহ রুখে দিয়েছে প্রশাসন।

অন্যান্য জেলার মধ্যে পশ্চিম মেদিনীপুরে ৫১টি, ঝাড়গ্রামে ৪৬টি, আলিপুরদুয়ারে ৩৮টি, পুরুলিয়ায় ২৪টি, পশ্চিম বর্ধমানে ২০টি, হুগলিতে ১৮টি, হাওড়ায় ১৫টি, দার্জিলঙে ১৩টি এবং কালিম্পঙে ২টি বাল্যবিবাহ আটকানোর তথ্য সামনে এসেছে। পরিসংখ্যান বলছে, শুধু মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়েই ৮৩৯টি বাল্যবিবাহ আটকানো হয়েছে, যা রাজ্যের মোট সংখ্যার প্রায় ৩৬.৪ শতাংশ। প্রথম পাঁচটি জেলা মিলিয়ে আটকানো হয়েছে ১,৩০৮টি বাল্যবিবাহ, যা মোট সংখ্যার প্রায় ৫৭ শতাংশ।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের সতর্কতা এবং সহযোগিতায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। কোথাও ব্লক অফিসে, কোথাও পঞ্চায়েত অফিসে খবর দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি সরাসরি ফোন করে এবং বিভিন্ন সূত্র মারফত পুলিশের কাছেও তথ্য পৌঁছচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে ব্লক প্রশাসন ও পুলিশ যৌথভাবে বা আলাদাভাবে হস্তক্ষেপ করে বাল্যবিবাহ বন্ধ করছে।

প্রচলিত আইন অনুযায়ী, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ক্ষেত্রে তা ২১ বছর। তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে এই প্রবণতা উদ্বেগ বাড়াচ্ছে এবং প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাড়ে ছয় মাসে দুই হাজারের বেশি বাল্যবিবাহ আটকানোর এই পরিসংখ্যান একদিকে যেমন প্রশাসনিক তৎপরতার ছবি দেখাচ্ছে, তেমনই সামাজিক সচেতনতা ও জনসাধারণের অংশগ্রহণ আরও জোরদার করার প্রয়োজনীয়তাও তুলে ধরছে।