রেশন কার্ডে এসি বাড়ি ও চারচাকা: চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় সমীক্ষায়, গরিবের রেশন কেড়ে নিচ্ছে কারা?

একশো দিনের কাজ, আবাস যোজনা এবং লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পে ভুয়ো বা অযোগ্য প্রাপকদের অভিযোগ আগেই সামনে এসেছিল। এবার সেই বিতর্কে যুক্ত হলো বিনামূল্যে রেশন বণ্টন ব্যবস্থাও। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বা পিএমজিকেএওয়াই-এর অধীনে চলা এই প্রকল্পে অনিয়মের চিত্র খতিয়ে দেখতে দেশজুড়ে সমীক্ষা চালায় কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। ২০২৫-’২৬ সালে ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শহর ও গ্রামীণ এলাকা মিলিয়ে মোট ৫১,৩০৩ জন উপভোক্তা এবং ভিজিল্যান্স কমিটির ২,০৩৬ জন সদস্যের মতামত নেওয়া হয়। পাশাপাশি ৪,৯৩৯টি ফেয়ার প্রাইস শপ ও ২৪৫টি গুদামে নজরদারি চালানো হয়েছে।
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৩৯.৫ শতাংশ উপভোক্তা নির্ধারিত মাপকাঠি অনুযায়ী বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। শতকরা হারে এই অযোগ্যতার হার দেশের মধ্যে সর্বোচ্চ। পশ্চিমবঙ্গের পরেই অনিয়মের তালিকায় রয়েছে ত্রিপুরা (৩৯.২ শতাংশ), তামিলনাড়ু (৩৮.৭ শতাংশ), মেঘালয় (২৮.৫ শতাংশ) এবং বিহার (২৫.৫ শতাংশ)। গোটা দেশে সমীক্ষার আওতায় আসা উপভোক্তাদের গড়ে ১৩.২ শতাংশ বিভিন্ন মাপকাঠিতে অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন। এর মধ্যে অন্ত্যোদয় অন্ন যোজনায় অযোগ্যতার হার ১২.২ শতাংশ এবং প্রায়োরিটি হাউসহোল্ডে ১৩.৪ শতাংশ। গ্রামীণ এলাকার (১২.৫ শতাংশ) তুলনায় শহরাঞ্চলে (১৫.৬ শতাংশ) অনিয়মের হার বেশি বলে উঠে এসেছে।
২০১৩ সালে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় গরিব পরিবারকে ৩ টাকা কেজি দরে চাল এবং ২ টাকা কেজি দরে গম সরবরাহ শুরু হয়। পরবর্তীতে কোভিড পরিস্থিতিতে ২০২০ সালের মার্চে পিএমজিকেএওয়াই ঘোষণা করা হয়, যার মাধ্যমে বিনামূল্যে চাল ও গম দেওয়া শুরু হয়। ২০২৪ সালের ১ জানুয়ারি এই প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। নিয়ম অনুযায়ী, অন্ত্যোদয় অন্ন যোজনার পরিবার মাসে ৩৫ কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ডের উপভোক্তারা মাথাপিছু ৫ কেজি বিনামূল্যে খাদ্যশস্য পান। অক্টোবরের পরিসংখ্যান বলছে, সারা দেশে ৭৮.৬৩ কোটি মানুষ এই সুবিধা পাচ্ছেন। ২০২৫-’২৬ অর্থবর্ষে খাদ্য ভর্তুকিতে কেন্দ্র ব্যয় করেছে ২.২৮ লক্ষ কোটি টাকা, যা মোট ভর্তুকি বরাদ্দ ৪.৬৯ লক্ষ কোটি টাকার প্রায় অর্ধেক।
যোগ্যতার মাপকাঠি নিয়েও সমীক্ষায় স্পষ্ট নির্দেশিকা তুলে ধরা হয়েছে। অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় পড়েন গৃহহীন, ভিক্ষাজীবী, ভূমিহীন ও প্রান্তিক চাষি এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা। অন্যদিকে প্রায়োরিটি হাউসহোল্ডের ক্ষেত্রে গ্রামে মাসিক আয় ১০ হাজার টাকা ও শহরে ১৫ হাজার টাকার বেশি হলে, স্থায়ী সরকারি চাকরি বা আয়কর থাকলে, তিন বা তার বেশি ঘরের পাকা বাড়ি, চারচাকা গাড়ি, ট্র্যাক্টর কিংবা ২ কিলোওয়াট বা তার বেশি বিদ্যুৎ সংযোগ থাকলে পরিবার অযোগ্য বলে বিবেচিত হয়। অথচ সমীক্ষায় দেখা গেছে, শীতাতপনিয়ন্ত্রিত বাড়ি ও চারচাকা গাড়ির মালিকেরাও নিজেদের গরিব দাবি করে প্রতি মাসে বিনামূল্যে রেশন তুলছেন, যাঁদের অনেকের স্থায়ী সরকারি চাকরিও রয়েছে। রিপোর্টে এই পরিস্থিতিকে ‘ইনক্লুসন এরর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই বিপুল অনিয়মের দায় কার, তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন ও রাজনৈতিক চাপানউতোর। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের রিপোর্টে রাজ্যগুলির ভূমিকার দিকে ইঙ্গিত করা হয়েছে। এক কেন্দ্রীয় আধিকারিকের বক্তব্য, উপভোক্তার সংখ্যা কেন্দ্র ঠিক করলেও যোগ্যতার মাপকাঠি ও তালিকা তৈরির কাজ করেছে রাজ্যগুলিই। এ বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজ্য প্রশাসনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, অনিয়মের কারণ জানতে খাদ্য দফতরের সচিবের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই সমীক্ষা নতুন করে বিতর্কের জন্ম দিলেও প্রথম পাঁচে ত্রিপুরা ও বিহারের মতো রাজ্য থাকায় বিরোধীরাও পাল্টা যুক্তি তুলে ধরার সুযোগ পাচ্ছে।