ষাঁড়ের সঙ্গে ধাক্কায় দু’টুকরো কোটি টাকার রেঞ্জ রোভার! মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ জন

বিলাসবহুল গাড়ি, ফাঁকা হাইওয়ে আর নিশ্চিন্তের গতি—কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সব ছবিটা ওলটপালট হয়ে গেল। গুজরাটের একটি হাইওয়েতে পথভোলা ষাঁড়ের সঙ্গে সজোরে ধাক্কা লেগে আক্ষরিক অর্থেই দু’টুকরো হয়ে গেল একটি দামি রেঞ্জ রোভার ডিসকভারি (Range Rover Discovery) গাড়ি। এই মর্মান্তিক পথদুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন গাড়িতে থাকা দু’জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক জন।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত ২৭ সেপ্টেম্বর ভোরের দিকে ঘটনাটি ঘটেছে গুজরাটের থরাদ-দিসা হাইওয়ের মালপুরের কাছে ভারতমালা হাইওয়েতে। গাড়িটি রাজকোট থেকে রাজস্থানের দিকে যাচ্ছিল। সেই সময় আচমকাই রাস্তার মাঝখানে চলে আসে একটি ষাঁড়। আকস্মিক এই বিপদের মুখোমুখি হওয়ায় চালক ব্রেক কষার বা গাড়ি নিয়ন্ত্রণের সময়টুকুও পাননি।
ষাঁড়টির সঙ্গে সরাসরি ধাক্কা লাগার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে আছড়ে পড়ে হাইওয়ের ডিভাইডারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়িটি কার্যত ছিন্নভিন্ন হয়ে যায়। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির যন্ত্রাংশ ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে রাস্তার দীর্ঘ এলাকা জুড়ে। ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, গাড়িটি দেখে তা যে কোনো বিলাসবহুল এসইউভি ছিল, তা চেনাই দায় হয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। গাড়িতে থাকা তিন যাত্রীর মধ্যে দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম দিব্যজিত (বাড়ি আমরেলিতে) এবং যুবরাজসিংহ (বাড়ি রাজকোটে)। তৃতীয় আহত ব্যক্তিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আমদাবাদের উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
এই ভয়াবহ দুর্ঘটনা ফের একবার দেশের জাতীয় ও রাজ্য সড়কগুলিতে পথভোলা গবাদি পশুর অবাধ বিচরণ নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। দ্রুতগতির হাইওয়েগুলিতে মাঝেমধ্যেই এমন আকস্মিক বিপদের কারণে বড়সড় প্রাণহানির ঘটনা ঘটছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং সেই মুহূর্তে গাড়িটির ঠিক কত গতি ছিল, তা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।