শ্রীদেবীর মৃত্যুতে কি ছিল অন্য রহস্য? ৮ বছর পর মুখ খুললেন প্রাক্তন রাষ্ট্রদূত

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে কোনও ষড়যন্ত্র বা রহস্যের ইঙ্গিত মেলেনি— প্রায় আট বছর পর এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলের বাথটাব থেকে উদ্ধার হয় শ্রীদেবীর নিথর দেহ। শুরু থেকেই দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ, তা নিয়ে নানা জল্পনা ছড়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের বাস্তবতা তুলে ধরেছেন সুরি।

সুরির কথায়, অভিনেত্রীর মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়ায় দুবাই প্রশাসন ও কাপুর পরিবারের মধ্যে সমন্বয়ের কাজ করেছিলেন তিনি। সংবাদমাধ্যমে নানা তত্ত্ব ছড়ানোর জেরে দুবাই প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে; ময়নাতদন্ত ও ভিসেরা পরীক্ষার পাশাপাশি বনি কাপুরসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদও করা হয়। তবে কোনও অপরাধমূলক চক্রান্তের প্রমাণ মেলেনি বলে সাফ জানিয়েছেন তিনি।

একই সঙ্গে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নবদীপ সিং সুরি। তাঁর অভিযোগ, মর্মান্তিক মৃত্যুকে ঘিরে সংবাদমাধ্যমের একাংশের প্রচার সে সময় তামাশায় পরিণত হয়েছিল এবং গুজব ঠেকাতেই তাঁকে সামনে আসতে হয়। সব সীমা লঙ্ঘনকারী সেই আচরণকে ‘কুৎসিত ও অস্বাভাবিক’ আখ্যা দিয়ে সুরির আক্ষেপ, এত বছরেও সংবাদমাধ্যম কোনও শিক্ষা নেয়নি।