মোট প্রকল্পে বেসরকারি অংশীদারিত্ব ৮৬.২%! কী বলছে সিআইআই রিপোর্ট?

কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই মঙ্গলবার জানিয়েছে যে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথমার্ধে বেসরকারি খাতের প্রকল্প ঘোষণার পরিমাণ আগের বছরের তুলনায় ৫৮.৫ শতাংশ বেড়ে ২৬.৬ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। শিল্প সংস্থাটির মতে, ধারাবাহিক সরকারি সংস্কার, পরিকাঠামোর উন্নয়ন এবং নিয়মকানুন সহজ করার ফলে বিনিয়োগকারীদের আস্থা বাড়ার প্রতিফলন এটি। সিআইআই-এর প্রাইভেট ইনভেস্টমেন্ট ইন্ডেক্সের দ্বিতীয় সংস্করণ অনুসারে, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট প্রকল্প ঘোষণায় বেসরকারি খাতের হিস্যা ছিল ৮৬.২ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৪.২ শতাংশ।

২০২৬-২৭ অর্থবর্ষের প্রথমার্ধের এই ঘোষণাগুলি ২০১৬-১৭ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথমার্ধগুলির গড়ের তুলনায় ৪.৪ গুণ বেশি। সিআইআই সভাপতি আর মুকুন্দন বলেছেন যে নীতিগত সংস্কার, পরিকাঠামোর সম্প্রসারণ এবং নিয়ন্ত্রক কাঠামোর সংস্কার বেসরকারি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে বড় ভূমিকা নিয়েছে। তাঁর কথায়, এই সুযোগগুলিতে ভারতীয় শিল্প ইতিবাচক সাড়া দিচ্ছে এবং বিনিয়োগ ঘোষণা ও প্রকৃত মূলধন গঠন—উভয় ক্ষেত্রেই উৎসাহব্যঞ্জক ছবি ধরা পড়ছে।

সংস্থাটি জানিয়েছে যে বেসরকারি বিনিয়োগের এই অগ্রগতি কেবল ঘোষণাতেই সীমাবদ্ধ নেই; প্রায় ১,৮০০ তালিকাভুক্ত বেসরকারি সংস্থার মোট মূলধন গঠন ২০২৫-২৬ অর্থবর্ষে ১২.৪ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা চলতি বাজার মূল্যে জিডিপি-র ৩.৬ শতাংশের সমান, যেখানে ২০১৬-১৭ থেকে ২০২০-২১-এর মধ্যে গড় ছিল ২.২ শতাংশ। এ ছাড়া ৫৪ শতাংশ সংস্থা তাদের স্থায়ী বিনিয়োগের হার বাড়িয়েছে এবং চারটির মধ্যে প্রায় তিনটি সংস্থা নিট উৎপাদন ক্ষমতা যুক্ত করেছে।