মাধ্যমিক পাসে সরকারি চাকরি; বেতন ৫৬ হাজার ৯০০ টাকা পর্যন্ত, জানুন নিয়ম

চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য সুখবর এসেছে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা সিএসআইআর-এর অধীনে নয়াদিল্লিতে অবস্থিত দেশের ন্যাশনাল মেট্রোলজি ইনস্টিটিউট তথা ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি বা এনপিএল মাল্টি-টাস্কিং স্টাফের মোট ২৫টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সিএসআইআর-এনপিএল-এর মাল্টি-টাস্কিং স্টাফ পদের এই ২৫টি শূন্যপদের মধ্যে সাধারণ বিভাগের জন্য ১২টি, ইডব্লিউএস বিভাগের জন্য ৩টি, ওবিসি এনসিএল বিভাগের জন্য ৬টি এবং এসটি বিভাগের জন্য ৪টি পদ রয়েছে।

মাল্টি-টাস্কিং স্টাফের এই পদগুলোতে অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ২৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তাই যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবেদনকারীদের কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ২৫ বছর নির্ধারিত হয়েছে, যা ২৩ ডিসেম্বর ২০২৬ তারিখের ভিত্তিতে গণনা করা হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় দেওয়া হবে।

যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে আবেদনপত্র যাচাই, লিখিত পরীক্ষা ও চূড়ান্ত মেধাতালিকার ভিত্তিতে। লিখিত পরীক্ষা হবে ওএমআর ভিত্তিক নৈর্ব্যক্তিক বহুনির্বাচনী ধরনের। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন হবে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকার মধ্যে।

আবেদনপত্র পূরণের সময় নির্ধারিত ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, নারী, প্রাক্তন সেনাকর্মী ও রূপান্তরকামী প্রার্থীদের রেজিস্ট্রেশন ফি থেকে ছাড় দেওয়া হয়েছে।

আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে সিএসআইআর-এনপিএল-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে সমস্ত নথিপত্র সংযুক্ত করে একটি খামে ভরে তা নির্ধারিত সময়ের মধ্যে সিনিয়র কন্ট্রোলার অফ অ্যাডমিনিস্ট্রেশন, সিএসআইআর-ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি, ডক্টর কে এস কৃষ্ণন মার্গ, নয়াদিল্লি-১১০০১২ ঠিকানায় ডাকযোগে বা অন্য উপায়ে পাঠাতে হবে।