ভাইপোর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপে রাজনৈতিক বিতর্ক! একাধিক গুরুতর অভিযোগে অভিষেকের বিরুদ্ধে অভিযোগপত্র

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানার দ্বারস্থ হলেন তাঁর কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। রক্তদান শিবিরে বাধা দেওয়া, সরকারি কাজে হস্তক্ষেপ এবং ভয় দেখানোর মতো একাধিক গুরুতর অভিযোগ তুলে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছেন তিনি।

বাবুন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ২০২৪ সাল থেকে তৃণমূল সরকারের আমলে একাধিকবার হুমকি, ক্লাব দখল এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এবার সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শুধু রক্তদান শিবিরে বাধা দেওয়া বা ভয় দেখানোই নয়, বাবুনের জমা দেওয়া অভিযোগপত্রে আরও একাধিক গুরুতর আইনি অভিযোগের উল্লেখ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের তাঁদের কর্তব্য পালনে বাধা দেওয়ার উদ্দেশ্যে অপরাধমূলক বলপ্রয়োগের চেষ্টা, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং বিচারবিভাগীয় কার্যক্রমে নিযুক্ত সরকারি কর্মচারীদের ইচ্ছাকৃতভাবে অপমান করার মতো ঘটনা ঘটেছে।

এমনকি অভিযোগপত্রে আরও গুরুতর অভিযোগও তোলা হয়েছে। ভারতের সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে কাজ করা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে উসকানি দেওয়ার চেষ্টা এবং বিচারবিভাগ ও সাংবিধানিক কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্ররোচিত করার উদ্দেশ্যে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে।

প্রসঙ্গত, বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের। অতীতে প্রকাশ্যেই বাবুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিলেন মমতা। সাম্প্রতিক সময়ে বাবুনের রাজনৈতিক অবস্থান ও বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে।

সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর কাকার এই পুলিশি পদক্ষেপকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত এই অভিযোগের ভিত্তিতে কোনও মামলা দায়ের করেছে কি না, তা স্পষ্ট নয়। তবে এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে।

Aditi Banik
  • Aditi Banik