বিষ্ণুপুরে তৃণমূল কাউন্সিলরকে পুলিশের সামনে মারধর ও নগ্ন করে ঘোরানোর অভিযোগ, বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

পুলিশের সামনেই তৃণমূল কাউন্সিলরকে মারধর ও নগ্ন করে ঘোরানোর অভিযোগে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। এমনকি, এই হামলায় গুরুতর জখম ওই কাউন্সিলরকে ভর্তি হতে হয়েছিল আইসিইউতে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের এই ঘটনাকে গুরুতর বলে বিবেচনা করে বুধবার রাজ্য পুলিশের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

তদন্তে এখনও পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছেন, তা-ও জানতে চেয়েছে আদালত। এর সঙ্গে মামলাকারী ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

ঘটনার সূত্রপাত দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। তৃণমূল কাউন্সিলর জ্ঞানানন্দ সামন্তের অভিযোগ, গত ২৫ অগস্ট স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়ে মারধর করে। এরপর তাঁকে বিবস্ত্র করে এলাকায় ঘোরানো হয়। পুরো ঘটনাটি ঘটেছিল পুলিশকর্মীদের উপস্থিতিতেই। হামলায় গুরুতর জখম হন ওই তৃণমূল নেতা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করতে হয়।

এই ঘটনার বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জ্ঞানানন্দ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানিতে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট থানার আইসি-র কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত।

বিচারপতি সৌগত ভট্টাচার্য এই অভিযোগকে ‘গুরুতর’ বলে উল্লেখ করেছেন। সংশ্লিষ্ট তদন্তকারী আধিকারিক বা ইনস্পেক্টর-ইন-চার্জের কাছ থেকে ঘটনার বিস্তারিত রিপোর্ট এবং ঘটনার তদন্ত কোন পর্যায়ে রয়েছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, রিপোর্টে তা স্পষ্ট করে জানাতে নির্দেশ দিয়েছেন।

মামলার আবেদনে জানানো হয়েছে, ২৫ অগস্ট রাতে এই ঘটনা ঘটার পর তৃণমূল নেতা জ্ঞানানন্দ সামন্তকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে আনা হয়। এরপর তাঁকে বিএমআরআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তৃণমূল নেতার স্ত্রী লিপিকা সামন্ত এই ঘটনায় বিষ্ণুপুর থানায় মেল করে এফআইআর দায়েরের আবেদন জানান। পাশাপাশি, তিনি তাঁর পরিবারের সদস্যদের সুরক্ষা দেওয়ার আবেদনও করেন।

এর আগে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর পর তৃণমূল নেতা-নেত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কোমরে দড়ি দিয়ে ঘুরিয়েছে পুলিশ। এই ঘটনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশকে অবিলম্বে এই অমানবিক আচরণ বন্ধ করতে নির্দেশ দিয়েছিল। কিন্তু এই মামলায় যে অভিযোগ তা অত্যন্ত গুরুতর বলে পর্যবেক্ষণ আদালতের।