ফরিদাবাদের হোটেলে উদ্ধার কলেজ ছাত্রীর দেহ: ‘খুনের পর আত্মহত্যার’ চিঠি লিখে বেপাত্তা যুবক

হরিয়ানার ফরিদাবাদের একটি হোটেলের ঘর থেকে এক কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর সঙ্গে যে যুবক হোটেলে চেক-ইন করেছিলেন, তিনি ঘটনার পর থেকেই নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রীর নাম অরুণা (১৯) এবং তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের বিকম ছাত্রী ছিলেন। ঘটনাস্থল থেকে তাঁর প্রতিবেশী বিপিন যাদব (২৪)-এর স্বাক্ষর করা একটি চিঠি উদ্ধার হয়েছে। ওই চিঠিতে দাবি করা হয়েছে যে, বিপিন ছাত্রীকে খুন করেছেন এবং আগ্রা খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পরিকল্পনা করছেন।
গুরুগ্রাম পুলিশের মুখপাত্র যশপাল জানিয়েছেন, মঙ্গলবার ফরিদাবাদের সরাই থানা এলাকার একটি হোটেলের ভেতর থেকে সন্দেহজনক অবস্থায় অরুণার দেহ উদ্ধার হয়। যে যুবকের সঙ্গে তিনি হোটেলে উঠেছিলেন, সেই বিপিন যাদব এখনও পলাতক। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ আধিকারিকদের তথ্য অনুযায়ী, সোমবার সকালে অরুণা কলেজের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়েছিলেন। দুপুর ৩টা নাগাদ পরিবারের সঙ্গে তাঁর শেষবার কথা হয়, তারপর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় ধৌজ থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।
উদ্ধার হওয়া চিঠি এবং হোটেলের ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ থাকার বিষয়টি খতিয়ে দেখে পুলিশ এটিকে খুনের ঘটনা হিসেবেই দেখছে এবং বিপিনকে মূল অভিযুক্ত সন্দেহ করছে। মৃত ছাত্রীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ধৌজ থানায় দায়ের হওয়া নিখোঁজ মামলায় খুনের ধারা যুক্ত করা হয়েছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার পেছনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।