ফরচুনারের চেয়েও বড় আকার! চিনের নথিতে ফাঁস নতুন নিসান টেরানোর স্পেস ও ইঞ্জিন তথ্য

নতুন রূপে ও নতুন আকারে ফিরতে চলেছে নিসানের পরিচিত নাম টেরানো। আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি এই এসইউভি-র প্রোডাকশন মডেলের বেশ কিছু তথ্য ও নকশা সম্প্রতি চিনের বাণিজ্য ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MIIT) নথির মাধ্যমে সামনে এসেছে। এর আগে চলতি বছরের এপ্রিলে বেজিং অটো শোয়ে কনসেপ্ট মডেল হিসেবে এই গাড়ির ঝলক দেখা গিয়েছিল। চিনের ঝেংঝৌয়ে নিসানের যৌথ উদ্যোগে তৈরি এই এসইউভি-টি ২০২৭ সালের শুরুর দিকে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে পারে বলে জানা গেছে। লাতিন আমেরিকা, আসিয়ানভুক্ত দেশ এবং মধ্যপ্রাচ্যের পাশাপাশি ভবিষ্যতে ভারতেও এটি আসার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে।
আকারে টয়োটা ফরচুনারের চেয়েও বড় চিনের সরকারি নথি অনুযায়ী, নতুন নিসান টেরানো ল্যাডার-ফ্রেম বা বডি-অন-ফ্রেম কাঠামোয় তৈরি হচ্ছে। এর দৈর্ঘ্য ৫,০৯৮ মিলিমিটার, প্রস্থ ১,৯৭৯ মিলিমিটার এবং উচ্চতা ১,৯৬১ মিলিমিটার, আর হুইলবেস ২,৮৫০ মিলিমিটার। তুলনায় টয়োটা ফরচুনারের দৈর্ঘ্য ৪,৭৯৫ মিলিমিটার এবং হুইলবেস ২,৭৪৫ মিলিমিটার। ফলে আকার ও হুইলবেসের দিক থেকে নতুন টেরানো ফরচুনারের চেয়ে বড় এবং কেবিনে বেশি জায়গা দেওয়ার উপযোগী বলে মনে করা হচ্ছে। সামনে বর্গাকার এলইডি হেডল্যাম্প, তিন-স্লট গ্রিলের ওপর নিসানের লেখা এবং সিলভার বুল বার যুক্ত বাম্পার গাড়ির অফ-রোড চেহারাকে আরও জোরালো করেছে।
পেট্রোল, ডিজেল ও প্লাগ-ইন হাইব্রিড বিকল্প নতুন টেরানো তিনটি পাওয়ারট্রেন বিকল্পে আসবে বলে নথিতে উল্লেখ রয়েছে। পেট্রোল সংস্করণে থাকছে ২.০ লিটারের চার-সিলিন্ডার টার্বোচার্জড ইঞ্জিন, যা ২৫৮ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করবে। ডিজেল সংস্করণে মিলবে ২.৩ লিটারের চার-সিলিন্ডার টার্বোচার্জড ইঞ্জিন, যার ক্ষমতা ১৯০ হর্সপাওয়ার। পেট্রোল ও ডিজেল—উভয় মডেলেরই সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৭০ কিলোমিটার। পাশাপাশি প্লাগ-ইন হাইব্রিড (PHEV) সংস্করণে ২০৭ হর্সপাওয়ারের ২.০ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিনের সঙ্গে ৭৮ হর্সপাওয়ারের একটি বৈদ্যুতিক মোটর ও এলএফপি (LFP) ব্যাটারি যুক্ত করা হয়েছে, যার সম্মিলিত শক্তি ২৭২ হর্সপাওয়ার এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার।
হাইব্রিড মডেলে আলাদা নকশা ও টোয়িং ক্ষমতাপ্লাগ-ইন হাইব্রিড সংস্করণের নকশায় কিছু স্বতন্ত্র পরিবর্তন আনা হয়েছে। সাধারণ পেট্রোল ও ডিজেল মডেলে বডির রঙের টেইলগেট থাকলেও হাইব্রিড সংস্করণে কালো রঙের টেইলগেট এবং পিছনের অতিরিক্ত চাকা ধরে রাখার জন্য আরও মজবুত সাপোর্ট ব্র্যাকেট রয়েছে। সব ভ্যারিয়েন্টেই ২,৫০০ কেজি টোয়িং সক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া ক্রেতাদের পছন্দ অনুযায়ী টো হিচ, সানরুফ, রিয়ার স্পয়লার, সাইড স্টেপস এবং আলাদা চাকা ও বাম্পারের বিকল্পও রাখা হয়েছে।