ফক্সকনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ১৪৩ কোটি টাকার মামলা! বকেয়া নিয়ে চাপে আইফোন নির্মাতা?

ভারতে আইফোন প্রস্তুতকারক সংস্থা ফক্সকনের জটিলতা যেন বাড়ছে। সাম্প্রতিক এই বিতর্ক অর্থ পরিশোধ সংক্রান্ত বিরোধকে ঘিরে, যেখানে সংস্থাটির প্রায় ৬ জন বিক্রেতার টাকা বেশ কিছুদিন ধরে বকেয়া পড়ে আছে বলে খবর। সেই অসন্তোষ থেকেই এক ভারতীয় বিক্রেতা এখন ১৪৩ কোটি টাকা আদায়ের দাবিতে আইনি পথে হেঁটেছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ছয়জন বিক্রেতা কয়েক মাস ধরে নিজেদের পাওনা টাকার অপেক্ষায় রয়েছেন। এর মধ্যে একটি সংস্থা, বিসিডি এমপ্রাসা এলএলপি, বিষয়টি ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল বা এনসিএলটিতে নিয়ে গেছে। ফক্সকনের কাছ থেকে প্রায় ১৪৩ কোটি টাকা আদায়ের দাবি জানিয়েছে সংস্থাটি, যার মধ্যে বাড়ি ভাড়ার পাশাপাশি বিদ্যুৎ ও জলের মতো পরিষেবা বিলও রয়েছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, বিসিডি এমপ্রাসা ১২ আগস্ট চেন্নাইয়ের এনসিএলটিতে একটি আবেদন দাখিল করে। সংস্থাটির অভিযোগ, সম্মত নিষ্পত্তি থাকা সত্ত্বেও ফক্সকন পাওনা মেটাতে ব্যর্থ হয়েছে। বিসিডি এমপ্রাসা ফক্সকন হন হাই টেকনোলজি ইন্ডিয়া মেগা ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের কাছে মোট ১৪৩ কোটি টাকা দাবি করেছে, যার মধ্যে সুদ, ক্ষতিপূরণ ও পরিষেবা চার্জ যুক্ত রয়েছে। ৮ জুলাই পর্যন্ত এই অর্থ দাবি করা হয়েছে বলে জানানো হয়েছে।

২০২৪ সালের এপ্রিলে ফক্সকন ও বিসিডি এমপ্রাসার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, ফক্সকনের বেঙ্গালুরু ইউনিটে কর্মরত নারী কর্মীদের জন্য বিসিডির ৭০০টি আবাসিক ইউনিট সরবরাহ করার কথা ছিল। চুক্তিতে আরও উল্লেখ ছিল যে, কর্মীরা ওই আবাসনে না থাকলেও ফক্সকনকে একটি নির্দিষ্ট ভাড়া দিতে হবে। পাশাপাশি ২০২৬ সালের জুলাই পর্যন্ত একটি লক-ইন পিরিয়ডও নির্ধারিত ছিল।

বিসিডি এমপ্রাসার দাবি, ফক্সকন ২০২৫ সালের মে মাসের বিল মেটাতে ব্যর্থ হয়েছে। এমনকি বিরোধ মেটানোর জন্য সালিসকারী নিয়োগের প্রক্রিয়াও ফক্সকন এগিয়ে নিয়ে যায়নি বলে অভিযোগ করা হয়েছে। বিল মেটাতে দেরি হওয়ায় তাদের আর্থিক ক্ষতি হয়েছে বলে ব্লুমবার্গকে জানিয়েছে বিসিডি এবং বর্তমানে বিষয়টি এনসিএলটিতে বিচারাধীন।

তবে শুধু বিসিডি এমপ্রাসা একা নয়, আরও অন্তত চারটি সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকনের কাছ থেকে বকেয়া পাওয়ার অপেক্ষায় রয়েছে বলে খবর। এই সংস্থাগুলোর কয়েকটিকে ফক্সকনের বেঙ্গালুরু প্ল্যান্টে নির্মাণ কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এবং কয়েকটি প্রতিষ্ঠান ফক্সকনের সঙ্গে প্রথমবার কাজ করছিল। জানা গেছে, সংস্থাটির কিছু অ-ভারতীয় কর্মী চলে যাওয়ার পর স্থানীয় ঠিকাদারদের অর্থ পরিশোধের গতি কমে গেছে। যদিও এমন ঘটনা যে ফক্সকনের দেউলিয়া হওয়ার কারণ হবে, তা নয়। ভারতে পাওনা টাকা আদায়ে সংস্থাগুলো অনেক সময়ই এ ধরনের আইনি পথ বেছে নেয়।

এই বিরোধ সত্ত্বেও ভারতে ফক্সকনের সম্প্রসারণ পরিকল্পনায় বড় কোনো ধাক্কা লাগার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। অ্যাপলের সরবরাহ শৃঙ্খলে নিজের অংশ বাড়াতে তাইওয়ানের এই সংস্থাটি টাটা ইলেকট্রনিক্সের সঙ্গে প্রতিযোগিতা জোরদার করছে। গত বছর ফক্সকন ভারত থেকে শত শত চীনা কর্মীকে ফিরিয়ে এনেছিল এবং তাঁদের জায়গায় তাইওয়ান ও ভিয়েতনামের কর্মীদের নিয়োগ করে। ফলে এই অর্থ পরিশোধের বিরোধ সংস্থাটির সামনে নতুন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।