প্যাকেটের সামনেই লাল সতর্কবার্তা! চিনি-নুন-চর্বি বেশি থাকলে আর লুকোতে পারবে না কোম্পানিগুলি

প্যাকেটজাত খাবারে চিনি, নুন বা চর্বির মাত্রা বেশি থাকলে এবার প্যাকেটের সামনেই লাল সতর্কবার্তা দেখতে পাবেন ক্রেতারা। এই সংক্রান্ত প্রস্তাবিত নিয়মে বৃহস্পতিবার আরও কড়াকড়ি করল সুপ্রিম কোর্ট। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা (এফএসএসএআই)-কে স্পষ্ট নির্দেশ দিয়েছে, চিনি, নুন এবং স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা নির্ধারিত সীমার বেশি হলে প্রতিটি উপাদানের জন্য পৃথক সতর্কবার্তা দিতে হবে। একসঙ্গে সব উপাদান উল্লেখ করে একটি সতর্কবার্তা দেওয়ার বদলে আলাদা আলাদা লাল ষড়ভুজ চিহ্ন ব্যবহার করতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত মাত্রার বেশি চিনি, নুন কিংবা স্যাচুরেটেড ফ্যাট থাকলে প্যাকেটের সামনে যথাক্রমে ‘হাই সুগার’, ‘হাই সল্ট’ অথবা ‘হাই ফ্যাট’ লেখা থাকবে। এর ফলে প্যাকেট উল্টে পিছনের পুষ্টিগুণের তালিকা খুঁটিয়ে না পড়লেও ক্রেতারা সহজেই বুঝতে পারবেন খাবারে কোন উপাদান বেশি রয়েছে। সতর্কবার্তাগুলি থাকবে সাদা পটভূমির উপর লাল ষড়ভুজের মধ্যে এবং প্যাকেটের সামনের দিকে উপরের বাম অংশে স্পষ্টভাবে বসাতে হবে। সতর্কবার্তার অক্ষরের আকার প্যাকেটের পিছনে থাকা পুষ্টিগুণের তালিকার অক্ষরের চেয়ে অন্তত এক পয়েন্ট বড় হতে হবে, যাতে সহজেই চোখে পড়ে।

আগে কী প্রস্তাব ছিল? এফএসএসএআই-এর প্রস্তাবে ধাপে ধাপে প্যাকেটের সামনের দিকে সতর্কবার্তা চালুর কথা বলা হয়েছিল। প্রথম পর্যায়ে দুই বা তার বেশি উপাদানের মাত্রা নির্ধারিত সীমার বেশি থাকলে সতর্কবার্তা দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেই প্রস্তাব আরও কঠোর হল। এখন নির্দিষ্ট তিনটি উপাদানের মধ্যে যে কোনও একটির মাত্রা নির্ধারিত সীমা ছাড়ালেই পৃথক সতর্কবার্তা দিতে হবে।

নিয়ম চূড়ান্ত করতে দীর্ঘ বিলম্ব নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। ২০২২ সাল থেকে প্রক্রিয়া চললেও এখনও নিয়ম কার্যকর করার ক্ষেত্রে দেরি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বেঞ্চ। খাদ্য প্রস্তুতকারী সংস্থাগুলিকে স্বেচ্ছায় নিয়ম মানার জন্য ৩৬৫ দিন সময় দেওয়ার প্রস্তাবেও আপত্তি জানানো হয়েছে। আদালতের স্পষ্ট বার্তা — “জনস্বাস্থ্যের বিষয়টি বাণিজ্যিক স্বার্থের কাছে গুরুত্বহীন হয়ে পড়তে পারে না।”

এই নির্দেশ এসেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার করা মামলার প্রেক্ষিতে, যেখানে প্যাকেটজাত খাবারে পুষ্টিগুণ সংক্রান্ত সতর্কবার্তা আরও স্পষ্ট করার দাবি জানানো হয়েছিল। দেশে স্থূলতা, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগের প্রকোপ ক্রমশ বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে প্যাকেটজাত খাবার, মিষ্টি পানীয় এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের প্রতি ঝোঁক নিয়ে উদ্বেগ বাড়ছে। আদালত জানিয়েছে, এই বিষয়টি সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত জীবন ও স্বাস্থ্যের অধিকারের সঙ্গে সরাসরি যুক্ত। শিশুদের অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপন ও বিপণনের প্রভাব থেকে সুরক্ষিত রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে আদালত উল্লেখ করেছে।

ভারতের প্রায় ১০০ বিলিয়ন ডলারের খাদ্য ও পানীয় শিল্পে এই নির্দেশের বড় প্রভাব পড়তে পারে। প্যাকেটের সামনে আরও কঠোর সতর্কবার্তা দেওয়ার নিয়ম নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে শিল্পমহলের একাংশ। তবে স্বাস্থ্যকর্মী ও জনস্বাস্থ্য নিয়ে কাজ করা সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, স্পষ্ট সতর্কবার্তা ক্রেতাদের সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং খাবারে চিনি, নুন ও চর্বির মাত্রা কমাতে উৎপাদনকারী সংস্থাগুলিকেও উৎসাহিত করবে। খাদ্য নিরাপত্তা নিয়ে দেশে নজরদারি বাড়ানোর পাশাপাশি এই নির্দেশ প্যাকেটজাত খাবারের পুষ্টিগুণ নিয়ে সচেতনতা তৈরির ক্ষেত্রে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।