পিল খেলে কি সত্যিই ওজন বাড়ে বা সন্তান ধারণ ক্ষমতা কমে? জেনে নিন আসল সত্য

বাংলাদেশে জন্মনিয়ন্ত্রণ বা গর্ভনিরোধকের জন্য স্থায়ী ও অস্থায়ী নানা পদ্ধতি চালু রয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খাবার বড়ির পাশাপাশি কনডম, ইনজেকশন, ইমপ্ল্যান্ট ও আইইউডি অস্থায়ী পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। স্থায়ী পদ্ধতির মধ্যে নারীদের জন্য রয়েছে টিউবেকটমি বা লাইগেশন এবং পুরুষদের জন্য ভ্যাসেকটমি বা এনএসভি। তবে দেশে খাবার বড়ির মতো স্বল্পমেয়াদী অস্থায়ী পদ্ধতির ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়।
বাস্তবে এসব পদ্ধতি ঘিরে সমাজে নানা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। অনেকের ধারণা, জন্মনিয়ন্ত্রণ বড়ির কারণে স্থায়ীভাবে ওজন বেড়ে যায় বা ভবিষ্যতে সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এটি পুরোপুরি সঠিক নয়। আধুনিক প্রজন্মের পিলগুলোতে পার্শ্বপ্রতিক্রিয়া অনেক কম। শুরুতে শরীরে সামান্য পানি জমলেও তা কয়েক মাসের মধ্যেই সেরে যায়। চিকিৎসকদের মতে, পিল বন্ধ করার পর মাসিক শুরু হতে কিছুটা সময় লাগতে পারে, তবে প্রজনন ক্ষমতা ফিরে আসে।
অনেক নারীই আবার মনে করেন, লাইগেশন করলে স্থায়ী বন্ধ্যাত্ব তৈরি হয়। চিকিৎসকরা জানান, লাইগেশন একটি স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, যা একবার করা হলে সাধারণত পূর্বাবস্থায় ফেরা যায় না, তবে এটি প্রচলিত ভ্রান্ত ধারণার মতো কোনো আলাদা জটিলতা তৈরি করে না। দুইটি জীবিত সন্তান রয়েছে এবং ছোট সন্তানের বয়স অন্তত এক বছর পেরিয়েছে এমন দম্পতির ক্ষেত্রে এটি করা হয়। প্রসবের সাত দিনের মধ্যে এটি করা নিরাপদ ও সুবিধাজনক বলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর জানিয়েছে।
কনডম ব্যবহার নিয়েও নানা কথা শোনা যায়। বিশেষজ্ঞদের মতে, কনডম শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে বাধা দিয়ে জন্মরোধ করে এবং যৌনবাহিত রোগ ও এইচআইভি প্রতিরোধে কার্যকর। যৌন আনন্দ কমে যাওয়ার ধারণা অনেকটাই মানসিক বলে মনে করেন চিকিৎসকরা। তবে সঠিকভাবে ব্যবহার না করলে এটি ছিঁড়ে যাওয়ার ঝুঁকি থাকে এবং কেউ কেউ পূর্ণ তৃপ্তির অভাব বোধ করতে পারেন।
ইমারজেন্সি পিল বা আইপিল নিয়েও বিভ্রান্তি রয়েছে। অনেকের ধারণা, এতে গর্ভপাত ঘটে। বাস্তবে এটি গর্ভপাত ঘটানোর ওষুধ নয়; বরং অরক্ষিত যৌন মিলনের পর গর্ভধারণ ঠেকাতে ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে, ক্ষেত্রবিশেষে পাঁচ দিনের মধ্যে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কেউ আগে থেকেই গর্ভবতী হলে এই বড়িতে কোনো কাজ হয় না বলে জানান চিকিৎসকরা।
এছাড়া নিয়মিত জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে মাসিকের সমস্যা বাড়ে বলে অনেকের মনে ভয় কাজ করে। অথচ অনিয়মিত মাসিক, অতিরিক্ত রক্তস্রাব, মাসিকের ব্যথা বা সিস্টের মতো সমস্যায় চিকিৎসকরাই অনেক সময় পিলের পরামর্শ দেন। দীর্ঘমেয়াদী পদ্ধতি যেমন ইনজেকশন, ইমপ্ল্যান্ট বা আইইউডির প্রতি আগ্রহ কম থাকার পেছনেও নানা ভুল ধারণা কাজ করে। তবে বয়স ৪০ বছরের বেশি হলে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, লিভার বা হৃদরোগ থাকলে কিংবা বড় কোনো অপারেশনের আগে চিকিৎসকের পরামর্শ ছাড়া পিল খাওয়া বা বন্ধ করা উচিত নয়।