পাকিস্তানের মহাকাশ কর্মসূচি নিয়ে সতর্কবার্তা সিডিএসের, নজরদারি বাড়াতে বড় পরিকল্পনা ভারতের

পাকিস্তানের মহাকাশ কর্মসূচি নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল এনএস রাজা সুব্রহ্মণি। তাঁর বক্তব্য, চিনের প্রযুক্তিগত সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়ছে এবং তুরস্কও ইসলামাবাদকে প্রযুক্তিগত সাহায্য করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই অবস্থায় ভারতের নিজস্ব সামরিক মহাকাশ পরিকাঠামো দ্রুত শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন তিনি।
শুক্রবার ফিউচার অফ ওয়ারফেয়ার অ্যান্ড ইন্ডিয়াস প্রিপেয়ার্ডনেস টু কন্ডাক্ট মাল্টি-ডোমেন অপারেশনস শীর্ষক আলোচনায় জেনারেল সুব্রহ্মণি বলেন, চিনের সাহায্যের পাশাপাশি পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার কাজ চালাচ্ছে এবং এই উদ্যোগে তুরস্কের সহযোগিতা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ভারতের উদ্বেগ কেবল পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণের সক্ষমতা নিয়ে নয়; চিনের গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও সামরিক পর্যবেক্ষণের প্রযুক্তি পাকিস্তান ব্যবহার করলে যুদ্ধক্ষেত্রে তাদের পরিস্থিতি বোঝার ক্ষমতা অনেকটাই বেড়ে যেতে পারে। পাশাপাশি পজিশনিং, নেভিগেশন ও টাইমিং প্রযুক্তির সুবিধাও সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন সিডিএস।
তবে চিনের সঙ্গে মহাকাশ প্রযুক্তির প্রতিযোগিতায় নামার প্রয়োজন নেই বলেও স্পষ্ট করেছেন জেনারেল সুব্রহ্মণি। তাঁর মতে, ভারতের লক্ষ্য হওয়া উচিত সীমান্ত এলাকায় কার্যকর নজরদারি চালানোর মতো পর্যাপ্ত উপগ্রহ তৈরি করা এবং একই এলাকার ওপর দিয়ে উপগ্রহের পুনরায় যাতায়াতের মধ্যবর্তী সময় কমিয়ে আনা।
এই লক্ষ্যেই স্পেস বেসড সার্ভিল্যান্স ফেজ-৩ প্রকল্পের মাধ্যমে সামরিক নজরদারি ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা করেছে ভারত। প্রায় ২৬,৯৬৮ কোটি টাকার এই প্রকল্পে আগামী তিন বছরে ৫২টি সামরিক উপগ্রহ মোতায়েনের কথা রয়েছে, যার মধ্যে ২১টি তৈরি ও উৎক্ষেপণ করবে ইসরো এবং বাকি ৩১টির দায়িত্বে থাকবে বেসরকারি সংস্থাগুলি। ২০২৪ সালের অক্টোবরে কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির অনুমোদন পাওয়া এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ডিফেন্স স্পেস এজেন্সি ও হেডকোয়ার্টার্স ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ। একই সঙ্গে চিনের উপগ্রহ-বিধ্বংসী প্রযুক্তি এবং স্যাটেলাইট যোগাযোগে বিঘ্ন ঘটানোর মতো ইলেকট্রনিক যুদ্ধক্ষমতা নিয়েও সতর্ক করেছেন সিডিএস।