দেশের ডেটা সুরক্ষায় কড়া নজর! সর্বম এআই ও চিপ নিষেধাজ্ঞা নিয়ে বড় বক্তব্য মন্ত্রকের

ভারতের নিজস্ব ফুল স্ট্যাক এআই প্ল্যাটফর্ম ‘সর্বম এআই’ (Sarvam AI) কোনও তথ্যের অপব্যবহার করেনি। ‘ইন্ডিয়া এআই মিশন’-এর অধীনে পাওয়া কোনও তথ্য নয়ছয় করেনি এই প্ল্যাটফর্ম। মঙ্গলবার এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MeitY) সচিব এস কৃষ্ণন। তাঁর মতে, বাণিজ্যিকভাবে প্রতিটি এআই মডেলের পরিষেবা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই অনুযায়ী প্রতিটি সংস্থারই নিজস্ব রেভিনিউ মডেল বা আয়ের প্রয়োজনীয়তা থাকে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘চ্যারিয়ট ওয়ান’-এর উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকেই সর্বম এআই প্রসঙ্গে এই দাবি জানান কৃষ্ণন। সরকারি মিশনের সহায়তায় এই সংস্থাটি ১০৫-বিলিয়ন প্যারামিটারের মডেলসহ একাধিক এআই মডেল তৈরি করেছে। পাশাপাশি চলছে অন্যান্য বড় মডেল তৈরির কাজও। সাধারণ উপভোক্তা এবং ব্যবসায়ীদের পরিষেবা দিতে তারা নিজস্ব এবং ওপেন সোর্স মডেল মিলিয়ে একটি এআই প্ল্যাটফর্ম তৈরি করছে এবং এই বিষয়ে আগেই সরকারকে জানিয়েছিল বলে জানা গিয়েছে।

সচিব বলেন, “ফ্রন্টিয়ার মডেল তৈরি এবং বর্তমান পরিষেবা দেওয়ার মধ্যে কোনও বিরোধ নেই। তথ্যসুরক্ষায় সরকারও ওপেন-সোর্স মডেল ব্যবহার করছে। দেশের ডেটা যাতে বাইরে না যায় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। এখনও পর্যন্ত সর্বম এআই-এর বিরুদ্ধে সরকারি তথ্য অপব্যবহারের কোনও প্রমাণ মেলেনি।”

কৃত্রিম বুদ্ধিমত্তার পরিকাঠামো ও চিপ সরবরাহ নিয়েও এদিন বক্তব্য রাখেন এস কৃষ্ণন। তিনি জানান, ‘ইন্ডিয়া এআই মিশন’ কেবল এনভিডিয়া সংস্থার ওপর নির্ভরশীল নয়; এখানে টিপিইউ (TPU) এবং এএমডি (AMD)-র মতো একাধিক প্ল্যাটফর্মের চিপ ব্যবহারেরও সুযোগ রয়েছে। পাশাপাশি উন্নত চিপ রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞার বৃহত্তর প্রভাব পড়বে না বলেও আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রকের এই শীর্ষ আধিকারিক।