দাঁড়িয়ে থাকা ট্রেলারে সজোরে ধাক্কা! গুজরাতে ভয়াবহ দুর্ঘটনায় নিমেষে প্রাণ গেল ৬ জনের

গুজরাতের ভাবনগর-সোমনাথ জাতীয় সড়কে ঘটল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে একটি যাত্রীবোঝাই বোলেরো গাড়ি। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কাজের উদ্দেশে সাতজন ব্যক্তি একটি বোলেরো গাড়িতে করে ভাবনগর থেকে আলাংয়ের ৩৮ নম্বর প্লটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ত্রাপাজ গ্রামের কাছে শিবশক্তি হোটেলের সার্ভিস রোডে একটি ট্রেলার পার্ক করা ছিল। দ্রুতগতিতে আসা বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ওই পার্ক করা ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে।

সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, ট্রেলারটির পিছনের চাকা খুলে বেরিয়ে যায় এবং বোলেরো গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় মানুষজন দ্রুত ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগানোর পাশাপাশি পুলিশে খবর দেন।

আলাং থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গাড়িতে থাকা সাতজনের মধ্যে ছয়জনেরই মৃত্যু হয়েছে। মৃতরা হলেন— বিজয়ভাই চন্দুভাই ভোরা, পীযূষভাই বিপিনচন্দ্র শাহ, প্রিতেশভাই বিপিনচন্দ্র ভায়ানি, ভার্গবভাই গোসাই, হিরেনভাই মেহতা এবং যোগেশভাই শাহ। অন্যদিকে, জয়েশভাই হিম্মতভাই বাসানি নামের এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহতরা প্রত্যেকেই ভাবনগরের বাসিন্দা।

ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল এবং গাড়ির চালক মদ্যপ ছিলেন কি না, তা খতিয়ে দেখতে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।