‘ডিপফেক ও শক্তির কেন্দ্রীকরণ নিয়ে সতর্ক থাকা জরুরি’, সংবিধান দিবসের মঞ্চে কী বললেন বিশিষ্টরা?

সংবিধান দিবস ২০২৬ উপলক্ষে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে সাংবিধানিকতা: আদালত, অধিকার ও শাসনব্যবস্থার রূপান্তর’ শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করল ও.পি. জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটি বা জেজিইউ (JGU)। সোনিপতে আয়োজিত এই সম্মেলনে বিশ্বজুড়ে সাংবিধানিক বিশেষজ্ঞ, বিচারক, আইনবিদ, শিক্ষাবিদ, শিল্প প্রতিনিধি ও আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কীভাবে সাংবিধানিক মূল্যবোধ, নাগরিক অধিকার এবং প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতাকে প্রভাবিত করছে, তা খতিয়ে দেখাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

উদ্বোধনী ও সমাপনী পর্বের পাশাপাশি তিন দিনে ৪০টি সমান্তরাল বিষয়ভিত্তিক সেশন অনুষ্ঠিত হয়, যেখানে ২১৬ জন প্যানেলিস্ট এবং ৪০ জন সঞ্চালক ও বক্তা এআই-সম্পর্কিত আইনি, সামাজিক ও সাংবিধানিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। সম্মেলনের উদ্বোধন করেন ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অফ জাস্টিসের বিচারপতি অ্যান্টোনিও এইচ. বেঞ্জামিন। তিনি বলেন, ভারতের সংবিধান ন্যায়বিচার, জনকল্যাণ ও সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ মাধ্যম, এবং জেনারেটিভ এআইয়ের দ্রুত বিকাশের প্রেক্ষাপটে বিচারব্যবস্থা ও নাগরিক অধিকারের ওপর এর প্রভাব বোঝা জরুরি। এআই-জনিত সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার অসুবিধা ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষার কথা তুলে ধরে শক্তিশালী সুরক্ষা কাঠামো তৈরির ওপর জোর দেন তিনি।

অধ্যক্ষীয় ভাষণে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি পি. সদাশিবম বলেন, সাংবিধানিকতার মূল নীতি হলো প্রতিটি ক্ষমতাকে সীমাবদ্ধ, জবাবদিহিমূলক ও পর্যালোচনযোগ্য রাখা। এআই যুগে সংবিধানকে নতুনভাবে পাঠের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি গোপনীয়তা, মর্যাদা ও সম্মান রক্ষায় জোর দেন এবং ডিপফেক ও ভুয়া ছবি বা কণ্ঠস্বরের অপব্যবহারের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের আহ্বান জানান। সংবিধান দিবস বক্তৃতায় জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ল স্কুলের অধ্যাপক ও ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের সিইও এমেরিটাস অধ্যাপক জেফরি রোজেন সতর্ক করেন যে, এআই ক্ষমতার অস্বাভাবিক কেন্দ্রীকরণ ঘটাতে পারে এবং অ্যালগরিদমভিত্তিক ফিল্টার বাবল ও ইকো চেম্বার মতাদর্শগত মেরুকরণ বাড়াচ্ছে।

জেজিইউ-এর প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক (ড.) সি. রাজ কুমার জানান, প্রতি সংবিধান দিবসেই গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আন্তর্জাতিক সম্মেলন করা হয় এবং এআই মানুষের জীবনযাত্রার ধরন বদলে দেওয়ায় এবার এই বিষয় বেছে নেওয়া হয়েছে। সম্মেলনে সাংবিধানিক ভিত্তি, বিচার ও প্রশাসন, অধিকার ও অন্তর্ভুক্তি, গণতন্ত্র ও তথ্য, নিয়ন্ত্রণ ও কর্পোরেট দায়বদ্ধতা এবং গবেষণার নৈতিকতাসহ মোট ১২টি প্রধান বিষয়ভিত্তিক গোষ্ঠীতে আলোচনা হয়। জিন্দল গ্লোবাল ল স্কুলের এগজিকিউটিভ ডিন অধ্যাপক (ড.) দীপিকা জৈন, সেন্টার ফর এআই, ল অ্যান্ড রেগুলেশনের ডিরেক্টর অধ্যাপক সিদ্ধার্থ চৌহান এবং রেজিস্ট্রার অধ্যাপক দবিরু শ্রীধর পট্টনায়ক বক্তব্য রাখেন, আর প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের লেকচারার অধ্যাপক প্রতাপ ভানু মেহতার সমাপনী বক্তব্যে সম্মেলন শেষ হয়।