গাজিয়াবাদের ইন্দ্রপুরমে কোটি কোটি টাকার সম্পত্তি ও ২ কোটি টাকার বিমার লোভে স্বামী, ছেলে ও ভাইপোকে সীসা জাতীয় বিষ খাওয়ানোর অভিযোগে স্ত্রী রেণু ভাটনাগর গ্রেফতার

স্বামী-সন্তানের থেকেও সম্পত্তি বড়! ইন্দ্রপুরমে স্বামীকে হত্যার ষড়যন্ত্রে গ্রেফতার হওয়া এক মহিলার জবানবন্দি শুনে স্তম্ভিত অনেকেই। কোটি কোটি টাকার সম্পত্তির লোভ এবং বিমার ২ কোটি টাকা পেতে স্বামী, ছেলে আর ভাইপোকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছিলেন স্ত্রী। রেণু ভাটনাগর নামে অভিযুক্ত ওই মহিলাকে বুধবারই গ্রেফতার করেছে ইন্দ্রপুরম পুলিশ।

ইন্দ্রপুরমের বসুন্ধরার বাসিন্দা এবং ওই মহিলার স্বামী সুশীল ভাটনাগর তাঁর স্ত্রী, শাশুড়ি লতা সাক্সেনা এবং শ্যালক রবি সাক্সেনার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। সুশীল গিরধর নামে আর এক আত্মীয় এবং জিম প্রশিক্ষক বাবলু নামে আর এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ জানান সুশীল।

অভিযোগে তিনি বলেছেন, তাঁকে, তাঁর ছেলে বংশ ভাটনাগর এবং ভাইপো দেব ভাটনাগরকে সীসা জাতীয় বিষ দিয়ে মারতে চেয়েছিলেন তাঁর স্ত্রী রেণু। মেডিক্যাল রিপোর্ট থেকে জানা গিয়েছে, পরীক্ষা করে তাঁদের প্রত্যেকের শরীরেই সীসার উপস্থিতি পাওয়া গিয়েছে।

ইন্দ্রপুরমের এসিপি অভয় রাজেন্দ্র দাগা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় রেণু নিজেই পুলিশকে বলেছেন তাঁর স্বামীর একটি ট্রাভেল এজেন্সি আছে যার মূল্য ৫-৬ কোটি এবং একটি বিমা করা রয়েছে যার মূল্য ২ কোটি। বিমাপত্রে নমিনি হিসেবে উল্লেখ রয়েছে স্ত্রীর নামই। পুলিশের দাবি, রেণু ধীরে ধীরে স্বামীকে সীসা দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলেন। ভেবেছিলেন, স্বামীর মৃত্যু হলে সম্পত্তি চলে আসবে তাঁর হাতে। তাই নিয়মিত স্বামী ও ছেলে ভাইপোকে খাবারে মিশিয়ে সীসা খাওয়াতেন।

এছাড়া স্থানীয় এক জিম প্রশিক্ষক বাবলুর সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন রেণু। এই খুনের ষড়যন্ত্রে বাবলুর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, রেণু ধীরে ধীরে স্বামী-সন্তান ও ভাইপোকে মেরে পুরো সম্পত্তি হাতানোরই ছক কষেছিলেন।

উল্লেখ্য, এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পারিবারিক সম্পত্তির লোভে কীভাবে একজন মানুষ নিজের স্বামী ও সন্তানকেও হত্যার পরিকল্পনা করতে পারেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ পাচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Pratik Saha
  • Pratik Saha