খাবার-জল ছাড়াই সাগর পার! মণিপুরের কোন রহস্যে ৫,৭০০ কিমি নন-স্টপ উড়ল আমুর ফ্যালকন?

খাবার বা জলের জন্য কোথাও না থেমে আরব সাগর পেরিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার অবিশ্বাস্য ক্ষমতা কীভাবে অর্জন করে ক্ষুদ্র আমুর ফ্যালকন (Amur Falcon)? সাম্প্রতিক এক নজিরের পর ফের আলোচনায় এসেছে এই পরিযায়ী পাখিদের অসীম সহনশীলতা। মণিপুরের তামেংলং থেকে একটানা ৫,৪০০ কিলোমিটার পথ উড়ে সোমালিয়ায় পৌঁছেছে স্যাটেলাইট ট্যাগযুক্ত পুরুষ আমুর ফ্যালকন ‘আপাং’। তার ঠিক আগেই মাত্র ১০১ ঘণ্টায় ৫,৭০০ কিলোমিটার নন-স্টপ উড়ে সোমালিয়ায় পৌঁছেছে ‘আলাং’ নামের আরও একটি স্ত্রী ফ্যালকন।
প্রতি বছর শরৎকালে মণিপুরের পাহাড়ে এসে জড়ো হয় হাজার হাজার আমুর ফ্যালকন। দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দেওয়ার আগে এই অঞ্চলই যেন হয়ে ওঠে তাদের শক্তির ভান্ডার। সারা বছরে প্রায় ২৩টি দেশ ঘুরে ২২,০০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে এই পাখিরা, যার মধ্যে আরব সাগরের ওপর দিয়ে প্রায় ৩,০০০ কিলোমিটারের যাত্রা অন্যতম।
গবেষকদের মতে, এই দীর্ঘ ম্যারাথন উড়ানের শক্তির অন্যতম বড় উৎস হলো মণিপুরে থাকাকালীন তাদের খাদ্যাভ্যাস। ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (WII)-এর প্রকাশিত এক টেকনিক্যাল রিপোর্টে উঠে এসেছে, শরৎকালে মণিপুরে অবস্থানের সময় আমুর ফ্যালকনরা প্রচুর পরিমাণে পোকামাকড় শিকার করে। বিশেষত ‘ওডোন্টোটার্মেস ফি’ (Odontotermes feae) প্রজাতির উইপোকাই তাদের প্রধান খাদ্য হিসেবে চিহ্নিত হয়েছে।
অক্টোবর ও নভেম্বর মাসে মাটির নিচে থাকা কলোনি থেকে ঝাঁকে ঝাঁকে উইপোকা বাইরে বেরিয়ে আসে। আকাশে উড়ন্ত অবস্থাতেই সেই উইপোকা ধরে খায় পাখিরা, যার ফলে শরীরে দ্রুত চর্বি বা ফ্যাট জমা হয়। দীর্ঘ উড়ানের সময় যখন খাবার বা জলের সুযোগ থাকে না, তখন শরীরে সঞ্চিত এই চর্বিই তাদের শক্তির জোগান দেয়। পাশাপাশি অনুকূল বায়ুপ্রবাহও সাগর পেরোনোর এই দীর্ঘ যাত্রায় বড় ভূমিকা নেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।