খাবারে বিষক্রিয়ায় হাসপাতালে রেখা পাত্র! এবার অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি আরামবাগের বিজেপি বিধায়ক

শরীরে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র। সূত্রের খবর, খাবারে বিষক্রিয়া থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও বিপদমুক্ত নন; চিকিৎসা চলছে। এরই মধ্যে রেখা পাত্রের পর অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি হলেন আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ।

রেখা পাত্রের পরে হাসপাতালে আরও এক বিজেপি বিধায়ক

জানা গিয়েছে, রবিবার হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল আরামবাগের বিধায়ক হেমন্ত বাগকে। সোমবার সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাঁকে অ্যাম্বুল্যান্সে করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সে সময় রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার নিজে উপস্থিত ছিলেন এবং পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষও সঙ্গে ছিলেন।

রবিবার দুপুরে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার সময় হঠাৎই কোমর ও পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হয় হেমন্ত বাগের। এরপর তাঁকে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী সোমবার সকালেই আরামবাগ পৌঁছন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। বর্তমানে এসএসকেএমে চিকিৎসা চলছে আরামবাগের বিধায়কের।

এখন কেমন আছেন রেখা পাত্র?

অন্যদিকে, শেষ পাওয়া তথ্য অনুযায়ী হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্রর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং কথা বলারও চেষ্টা করেছেন। তবে এখনও পুরোপুরি বিপদমুক্ত নন হিঙ্গলগঞ্জের বিধায়ক; সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে।

হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, বিষক্রিয়ার কারণে মুখের মধ্যে অতিরিক্ত লালা জমে গিয়েছিল। রোগী পুরোপুরি সচেতন না থাকায় ওই লালা ফুসফুসে পৌঁছে অক্সিজেন সরবরাহে বাধা সৃষ্টি করছে বলে সিটি স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে। যদিও তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) রাখা হয়েছে।