ক্রিপ্টো প্রতারণা চক্রের পর্দাফাঁস দিল্লি পুলিশের! গ্রেফতার ৪, ফেরত প্রায় ৫ লক্ষ টাকা!

দিল্লি পুলিশ ক্রিপ্টোকারেন্সির ব্যবসা করা ব্যক্তিদের সঙ্গে প্রতারণা চালানো একটি চক্রের পর্দাফাঁস করে চারজনকে গ্রেফতার করেছে। এক ঊর্ধ্বতন আধিকারিক মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, অভিযোগকারীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া প্রায় পাঁচ লক্ষ টাকাও তাঁকে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে ১.৬২ লক্ষ টাকা নগদ, ১১টি মোবাইল ফোন, একটি আইপ্যাড, একটি ওয়াই-ফাই রাউটার এবং ছয়টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ অমিত গোয়েল জানিয়েছেন, ধৃতদের পরিচয় আলওয়ারের বাসিন্দা অতুল মীনা (২১), দৌসার জগমোহন মীনা (১৯), আলওয়ারের নরেন্দ্র কুমার মীনা (২২) এবং মণীশ মীনা (২৪) হিসেবে চিহ্নিত হয়েছে। অভিযোগকারীর দাবি ছিল, ৬ জুন বাইন্যান্স পিটুপি প্ল্যাটফর্মে ক্রিপ্টোকারেন্সি বিক্রির বিজ্ঞাপন দেওয়ার পর এক ব্যক্তি ক্রেতা সেজে যোগাযোগ করে এবং সোশ্যাল মিডিয়া অ্যাপে কথা বলতে শুরু করে।

আধিকারিক জানান, এর পর ওই ব্যক্তি একটি লিঙ্ক পাঠায়, যার মাধ্যমে তাঁর ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট থেকে ৪,৯৮৫ ইউএসডিটি অর্থাৎ প্রায় পাঁচ লক্ষ টাকা তুলে নেওয়া হয়। এ বিষয়ে এ বছর ২ জুলাই দক্ষিণ-পশ্চিম জেলার সাইবার থানায় মামলা দায়ের হয়। তদন্ত চলাকালীন প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে রাজস্থানের আলওয়ারে সক্রিয় চক্রটির খোঁজ মেলে এবং পুলিশ আলওয়ারে অভিযান চালিয়ে অতুল মীনার আস্তানা থেকে নগদ অর্থ, তিনটি মোবাইল ফোন, একটি আইপ্যাড, ওয়াই-ফাই রাউটার ও পাঁচটি সিম কার্ড উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, এর পর জয়পুর থেকে জগমোহন, নরেন্দ্র ও মণীশকে গ্রেফতার করা হয় এবং তাঁদের কাছ থেকে আটটি মোবাইল ফোন মেলে। পরে দিল্লির ধৌলা কুয়াঁ এলাকা থেকে অতুল মীনাকে ধরা হয়। তদন্তকারীদের মতে, অভিযুক্তরা ক্রিপ্টো বিক্রেতাদের নিশানা করত এবং ভাড়ায় নেওয়া বাইন্যান্স অ্যাকাউন্ট ও সিম কার্ড ব্যবহার করত; চক্রের সদস্যরা ভুক্তভোগীদের নম্বর অতুলকে পাঠালে সে প্রতারণামূলক লিঙ্ক পাঠিয়ে অ্যাকাউন্ট থেকে পুরো ক্রিপ্টোকারেন্সি সরিয়ে নিত। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।