কৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য! বাবা বাগেশ্বরকে কড়া ধমক দিলেন বাবা রামদেব

ভগবান কৃষ্ণকে ঘিরে করা মন্তব্যের জেরে বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে কড়া ভাষায় তিরস্কার করেছেন যোগগুরু বাবা রামদেব। হরিদ্বারে এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, সনাতন ধর্মের নামে উত্তেজনা ছড়ানো বা দেবতাদের মধ্যে তুলনা টানা তিনি মেনে নেবেন না। পাশাপাশি দুই পক্ষের সমর্থকদের নিজেদের মধ্যে বিবাদে না জড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে বাবা রামদেব জানান, ভগবান কৃষ্ণ সম্পর্কে করা মন্তব্যে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছিলেন এবং সেই কারণেই একপ্রকার অধিকার ও কর্তৃত্বের সুরেই ধীরেন্দ্র শাস্ত্রীকে তিরস্কার করেছেন। তাঁর কথায়, ঈশ্বরকে অপমান করা সনাতন ঐতিহ্যের অংশ নয়, কারণ সনাতন ধর্ম সকলের মঙ্গলের চেতনার ওপর প্রতিষ্ঠিত। রামদেবের দাবি, তিনি তিরস্কার করলেও ধীরেন্দ্র শাস্ত্রী তা সদয়ভাবে গ্রহণ করেছেন।
বিতর্কের প্রসঙ্গে নিজের অবস্থান আরও স্পষ্ট করে যোগগুরু বলেন, “গতকাল এই বিতর্কের সময় আমি বাবা বাগেশ্বরের সঙ্গে কথা বলেছিলাম। আমি তাঁকে দুটি কথা বলেছি। দেবতাদের মধ্যে তুলনা এবং তাঁকে অপমান করা মন্তব্যে আমি গভীরভাবে মর্মাহত হয়েছি। এটা সনাতন ঐতিহ্য নয়। দেবতাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। দেবতা, বর্ণ ও ধর্মের নামে বৈষম্য সমাজকে ছিন্নভিন্ন করে দিচ্ছে।” দ্বিতীয়ত, সনাতন ধর্মকে কোনো কুসংস্কার বা ভণ্ডামির সঙ্গে যুক্ত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, সনাতন ধর্ম দিব্য ও বিজ্ঞানসম্মত এবং এর মূল্যবোধ অত্যন্ত উচ্চ।
এর আগে সোমবার সকালে জামশেদপুরেও ভগবান কৃষ্ণকে নিয়ে ধীরেন্দ্র শাস্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন বাবা রামদেব। সে সময় তিনি বলেছিলেন, ভগবান রাম ও ভগবান কৃষ্ণের মধ্যে কোনো তুলনা হওয়া উচিত নয় এবং ভণ্ডামি ঢাকার জন্য ‘সনাতন’ নামটি ব্যবহার করা যায় না। বেদ, দর্শন, গণতন্ত্র বা সংবিধান সম্পর্কে ধারণা না রেখেই অনেকে সনাতন ধর্মের রক্ষক সেজে ভিত্তিহীন কথা বলছেন বলেও আক্রমণ শানিয়েছিলেন তিনি।
রামদেবের এই তীব্র সমালোচনার পর পাঠানকোটে এক ধর্মীয় অনুষ্ঠানে পাল্টা প্রতিক্রিয়া দেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তিনি বলেন, বাবা রামদেব বয়সে তাঁর বড় এবং আগেও তাঁর প্রশংসা করেছেন, তাই এখন তিনি যা খুশি বলতে পারেন। তাঁর ভাষায়, “তিনি আমার চেয়ে বয়সে বড়; তিনি আমাকে যে আশীর্বাদই দিতে চান, আমি তা গ্রহণ করি।”
উল্লেখ্য, মধ্যপ্রদেশের শিবপুরীর করাইরায় এক ধর্মীয় অনুষ্ঠানে ভগবান রাম ও ভগবান কৃষ্ণের তুলনা টানেন ধীরেন্দ্র শাস্ত্রী। সেখানে তিনি ভগবান রাম, তাঁর চলাফেরা ও অযোধ্যাকে ‘সোজা’ বলে উল্লেখ করেন এবং ভগবান কৃষ্ণের ‘ত্রিভঙ্গী’ ভঙ্গি, চালচলন ও বৃন্দাবনকে বর্ণনা করতে ‘বাঁকা’ শব্দটি ব্যবহার করেন। এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক।