কার্তিক পূর্ণিমায় আস্থার মহাকুম্ভ! ৩০ লক্ষ ভক্তের পুণ্যস্নানে ভাসল কাশী-অযোধ্যা-প্রয়াগরাজ

উত্তরপ্রদেশে তীর্থস্থানগুলোর পরিকাঠামোগত উন্নয়ন এবং ধর্মীয় পর্যটনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার কার্তিক পূর্ণিমা উপলক্ষে রাজ্যের প্রধান তীর্থক্ষেত্রগুলোতে ভক্তদের এক বিশাল সমাবেশ চোখে পড়েছে। কাশী থেকে অযোধ্যা এবং প্রয়াগরাজ থেকে নৈমিষারণ্য পর্যন্ত প্রায় ৩০ লক্ষ পুণ্যার্থী পবিত্র স্নান সেরেছেন। ভোরের আলো ফোটার আগে থেকেই গঙ্গা ও সরযূর ঘাটগুলোতে মানুষের ভিড় জমতে শুরু করে। ‘হর হর গঙ্গে’ এবং ‘জয় শ্রী রাম’ স্লোগানের মাঝে স্নান, পূজা-অর্চনা ও দান-ধ্যানের মধ্য দিয়ে সনাতন সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি মানুষের গভীর আস্থার ছবি ধরা পড়েছে।

কার্তিক পূর্ণিমায় পবিত্র নগরী প্রয়াগরাজে সবচেয়ে বেশি প্রায় ১০ লক্ষ ভক্ত গঙ্গায় ডুব দিয়েছেন। ভোর থেকেই ঘাটগুলোতে স্নানের পর্ব শুরু হয় এবং ভক্তরা মঙ্গল কামনায় প্রার্থনা ও দান-খয়রাত করেন। অন্যদিকে, কাশীতে প্রায় ৮ লক্ষ ভক্ত গঙ্গাস্নান করেছেন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনসহ নানা ধর্মীয় রীতিনীতি পালিত হয় ঘাটগুলোতে; দেব দীপাবলির ঐতিহ্যবাহী আবহে দিনভর উৎসবের আমেজ ছিল কাশীতে।

অযোধ্যায় সরযূ স্নানে ৫ লক্ষ ভক্ত
রামনগরী অযোধ্যায় প্রায় ৫ লক্ষ পুণ্যার্থী সরযূ নদীতে পুণ্যস্নান সেরেছেন। ভোর থেকেই সরযূ ঘাটে ভক্তদের আনাগোনা শুরু হয় এবং স্নানের পর মন্দিরে দর্শন ও প্রার্থনা করেন তাঁরা। ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে সরগরম হয়ে ওঠে অযোধ্যার পরিবেশ।

গড়মুক্তেশ্বর, ডালমাউ ও নৈমিষারণ্যে বিপুল ভিড়
India Today
হাপুরের গড়মুক্তেশ্বরে প্রায় ৩ লক্ষ ভক্ত গঙ্গায় পবিত্র স্নান করেছেন। রায়বেরেলির ডালমাউতে প্রায় ২ লক্ষ মানুষ গঙ্গাস্নান সেরে প্রার্থনা ও দান করেন, এবং সীতাপুরের প্রাচীন তীর্থ নৈমিষারণ্যেও প্রায় ২ লক্ষ ভক্ত স্নান ও ধর্মীয় আচার পালন করেছেন। সকাল থেকেই প্রতিটি তীর্থস্থান পুণ্যার্থীদের ভিড়ে পূর্ণ ছিল।