কায়রোয় তেলের ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে খাক দু’ডজন গাড়ি, মৃত অন্তত ৩১

মিশরের রাজধানী কায়রোর ব্যস্ত রিং রোডে তেলের ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়া তীব্র আগুনে সড়কে দাঁড়িয়ে থাকা অন্তত দু’ডজন গাড়ি ও মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
গ্রেটার কায়রোর গিজা অঞ্চলের জনবহুল ওয়ারাক এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও প্রশাসনিক সূত্রে খবর, আচমকা তেলের ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর মুহূর্তের মধ্যে চারপাশে আগুন ধরে যায় এবং সড়কে থাকা একের পর এক গাড়ি আগুনের গ্রাসে চলে আসে। জ্বলন্ত গাড়িগুলি থেকে যাত্রীদের উদ্ধারে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত অভিযান চালায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়।
দুর্ঘটনার সময় রাস্তায় আটকে পড়া প্রত্যক্ষদর্শী আহমেদ সামির জানান, মুহূর্তের মধ্যে ট্যাঙ্কারসহ বহু গাড়িতে আগুন ধরে যায় এবং চারদিকে আতঙ্ক ও চিৎকার ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া গাড়ি থেকে মৃতদেহ উদ্ধারের মর্মান্তিক দৃশ্যের কথাও তুলে ধরেন তিনি।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল-ফতা আল সিসি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ গফর ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। তবে আগুনের ভয়াবহতার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, মিশরে সড়ক নিরাপত্তা ও পরিবহণ ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। অতিরিক্ত গতি, বেহাল রাস্তা এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতার কারণে প্রতি বছর দেশটিতে অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটে। এর আগেও গত জানুয়ারিতে দক্ষিণ প্রদেশ বেনি সুয়েফের কাছে এক বড় সড়ক দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু ও ১৬ জন আহত হয়েছিলেন।