কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় জালিয়াতির অভিযোগ, মোবাইল-সহ গ্রেফতার ২ যুবক

কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় অন্যের হয়ে বসার অভিযোগে গ্রেফতার হলেন দুই যুবক। রবিবার হুগলির চুঁচুড়ার দুটি পৃথক পরীক্ষা কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। তল্লাশির সময় দু’জনের কাছ থেকেই মোবাইল ফোন উদ্ধার হয়। পরে অ্যাডমিট কার্ডের ছবি ও তাঁদের মুখের মধ্যে অমিল ধরা পড়তেই সামনে আসে জালিয়াতির অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম নিশিকান্ত বিশ্বাস ও সুখেন ঘোষ। দু’জনেই নদিয়া জেলার বাসিন্দা। অভিযোগ, তাঁরা অন্য চাকরিপ্রার্থীর হয়ে কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় বসতে এসেছিলেন।

দুটি আলাদা পরীক্ষা কেন্দ্র থেকে আটক

রবিবার চুঁচুড়া থানা এলাকার মোট ১১টি কেন্দ্রে কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা নেওয়া হচ্ছিল। তার মধ্যে তালডাঙা গড়বাটি স্কুলে পরীক্ষা দিতে এসেছিলেন নিশিকান্ত বিশ্বাস। অন্যদিকে, চকবাজারের বিএড কলেজের পরীক্ষা কেন্দ্রে গিয়েছিলেন সুখেন ঘোষ।

পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা পরীক্ষার্থীদের তল্লাশি চালান। অভিযোগ, সেই সময় দু’জনের প্যান্টের ভিতরের অংশ থেকে মোবাইল ফোন উদ্ধার হয়। এরপর তাঁদের অ্যাডমিট কার্ড পরীক্ষা করে দেখা হলে ছবির সঙ্গে মুখের কোনও মিল পাওয়া যায়নি। তাতেই সন্দেহ আরও জোরালো হয়।

চুঁচুড়া থানায় গ্রেফতার দুই যুবক

ঘটনার পর দু’জনকে আটক করে চুঁচুড়া থানায় নিয়ে যাওয়া হয়। পরে নির্দিষ্ট মামলার ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান, ধৃত দু’জনই নদিয়া থেকে চুঁচুড়ায় পরীক্ষা দিতে এসেছিলেন। তাঁদের কাছ থেকে ভুয়ো অ্যাডমিট কার্ড ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। সোমবার তাঁদের চুঁচুড়া আদালতে পেশ করা হবে বলেও জানান তিনি।

পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ ছিল বৈদ্যুতিক সরঞ্জাম

নিয়োগ পরীক্ষার নিয়ম অনুযায়ী, পরীক্ষাকেন্দ্রে ক্যালকুলেটর, বই, খাতা, বোর্ড, ডিজিটাল বা কাঁটাযুক্ত ঘড়ি এবং অন্য কোনও বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল।

পুলিশ সূত্রে খবর, রবিবার চুঁচুড়ার ১১টি পরীক্ষা কেন্দ্রে মোট ৩ হাজার ৭৫০ জন চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নেন। তার মধ্যেই দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ ওঠে।