কলকাতায় পরপর ভয়াবহ দুর্ঘটনা! যাদবপুরের পর ঢাকুরিয়ায় ফুটপাথে উঠে গেল গাড়ি, জখম ৭

মঙ্গলবার সকালে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডের কাছে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন দুই পথচারী। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সিগন্যাল থেকে ডান দিকে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপর একের পর এক পথচারীকে ধাক্কা মারতে থাকে সেটি। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। গাড়িটিকে আটকে রেখে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং গাড়ির চালককে আটক করা হয়। কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

ঢাকুরিয়ায় ফুটপাথে উঠে গেল গাড়ি, আহত ৭
যাদবপুরের ঘটনার আগেই সোমবার রাতে কলকাতার ঢাকুরিয়া চত্বরে আরও একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হন। ঢাকুরিয়া স্টেশনের কাছে শরৎ ঘোষ গার্ডেন রোডে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে একটি গাড়ি। এই ঘটনায় পথচারীসহ অন্তত ৭ জন গুরুতর আহত হন এবং ফুটপাথের একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টা নাগাদ কসবার দিক থেকে ঢাকুরিয়া স্টেশনের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে সেটি এবং পথচারীদের ধাক্কা মারার পাশাপাশি রাস্তার ধারের দোকানেও ধাক্কা লাগে। অভিযোগ, ঘটনার পর গাড়িটি রাস্তায় ফেলে রেখেই চালকসহ তিন জন এলাকা ছেড়ে পালিয়ে যান।