এক দিন বাড়তি আনন্দ! ক্যালেন্ডারের অদ্ভুত নিয়মে এবার ৬ দিনের দুর্গাপুজো, জানুন সূচি

বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো নিয়ে মাতামাতির শেষ নেই। প্রতি বছর মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী—এই পাঁচ দিনই দুর্গাপুজোর মূল পর্ব হিসেবে আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলে। তবে ২০২৬ সালের দুর্গাপুজোয় আসতে চলেছে এক অভূতপূর্ব ও বিশেষ পরিবর্তন! ক্যালেন্ডারের হিসেবে এবার আর পাঁচ দিন নয়, টানা ছ’দিন ধরে চলবে দুর্গোৎসবের মূল পর্ব। সৌজন্যে—পঞ্জিকার এক বিশেষ তিথি গণন।

কেন বাড়ল পুজোর দিনসংখ্যা?

পঞ্জিকার হিসাব অনুযায়ী, ২০২৬ সালে মহাসপ্তমী তিথিটি বিস্তৃত হচ্ছে টানা দু’দিন জুড়ে। ১৭ এবং ১৮ অক্টোবর—এই দু’টি ক্যালেন্ডার দিনেই মহাসপ্তমী বজায় থাকছে। ফলে ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত হিসেব মেলালে মূল উৎসবের ব্যাপ্তি দাঁড়াচ্ছে পুরো ছ’দিন। স্বাভাবিকভাবেই এই খবরে পুজোপ্রেমী ও ভ্রমণপিপাসুদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা দিয়েছে।

এক নজরে ২০২৬ সালের দুর্গাপুজোর দিনক্ষণ:

  • মহাষষ্ঠী: ১৬ অক্টোবর, শুক্রবার

  • মহাসপ্তমী (প্রথম দিন): ১৭ অক্টোবর, শনিবার

  • মহাসপ্তমী (দ্বিতীয় দিন): ১৮ অক্টোবর, রবিবার

  • মহাষ্টমী: ১৯ অক্টোবর, সোমবার

  • মহানবমী: ২০ অক্টোবর, মঙ্গলবার

  • বিজয়া দশমী: ২১ অক্টোবর, বুধবার

বাঙালির ক্যালেন্ডারে এমনিতেই উৎসবের আমেজ থাকে আকাশছোঁয়া, তার ওপর ছুটির তালিকায় এমন বাড়তি উপহার মেলায় ইতিমেধ্যেই ২০২৬-এর পুজোর ছক কষতে শুরু করেছেন সাধারণ মানুষ।