উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিনে লোগো-বিভ্রাট! বানান ও ভাষায় জগাখিচুড়ি নিয়ে তুঙ্গে বিতর্ক

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশের দিন রেজাল্ট ছাপিয়ে আলোচনায় উঠে এল ব্যানারের লোগো-বিভ্রাট। শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ সাংবাদিক বৈঠকের ব্যানারে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের লোগোয় একাধিক বানান ও ভাষাগত অসংগতি নজরে আসে। অভিযোগ, লোগোয় স্পষ্ট বাংলা শব্দের বদলে হিন্দি ও ইংরেজি শব্দের মিশ্রণে জগাখিচুড়ি অবস্থা তৈরি হয়েছে এবং অনেক শব্দই ঠিকমতো পড়া যাচ্ছে না।
ব্যানারে ঠিক কী ভুল ধরা পড়েছে?
সাংবাদিক বৈঠকের ব্যানারে থাকা লোগোর ইংরেজি অংশে ‘ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার এডুকেশন’ লেখার জায়গায় ‘এডুকেশন’ শব্দটি প্রায় পড়া যাচ্ছে না; ‘ওয়েস্ট’ শব্দটি বুঝতেও সমস্যা হচ্ছে। অন্যদিকে, লোগোর ওপরের অংশে বাংলায় ‘পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ’ থাকার কথা থাকলেও সেখানে হিন্দির আদলে লেখা অস্পষ্ট ও অর্থহীন কিছু শব্দ দেখা যাচ্ছে। এই বিভ্রাট দেখে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে লোগো তৈরি করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
কী বলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ?
এই লোগো-বিভ্রাট নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব, সভাপতি, প্রাক্তন সভাপতি ও ডেপুটি সেক্রেটারি বৈঠক করেন এবং ব্যানারের ত্রুটির কথা স্বীকার করে ক্ষোভ ও খেদ প্রকাশ করেন। সংসদ কর্তৃপক্ষের দাবি, ছাপানোর জন্য সঠিক লোগোই পাঠানো হয়েছিল; কিন্তু ভুল লোগোসহ ব্যানার ছাপা হয়ে আসার পর তা শুরুতে তাঁদের নজরে পড়েনি। কীভাবে এই ভুল হলো বা লোগো বদলে গেল, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সংসদ।