ইপিএফও সদস্যদের বড় স্বস্তির ইঙ্গিত: SWP-এর মাধ্যমে টাকা তোলায় কর ছাড়ের তোড়জোড়?ইপিএফও সদস্যদের বড় স্বস্তির ইঙ্গিত: SWP-এর মাধ্যমে টাকা তোলায় কর ছাড়ের তোড়জোড়?

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও (EPFO)-এর সদস্যদের জন্য সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান বা এসডব্লিউপি (SWP) বিকল্পে অনুমোদন দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT)। এই ব্যবস্থায় সদস্যরা মাসিক, ত্রৈমাসিক বা অর্ধ-বার্ষিক ভিত্তিতে টাকা তুলতে পারবেন। তবে এই কিস্তির অর্থ করমুক্ত হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত স্পষ্টতা আসেনি। একটি ব্যবসায়িক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আয়কর আইন, ২০২৫ সংশোধন করে এই পর্যায়ক্রমিক উত্তোলনকে করমুক্ত করার লক্ষ্যে অর্থ মন্ত্রকের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক।
অবসরের পরেও ইপিএফ গ্রাহকদের চাঁদা জমা দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনায় এসেছে বলে জানা গেছে। সেক্ষেত্রে অবসর-পরবর্তী ওই চাঁদার ওপর অর্জিত সুদে কীভাবে কর ধার্য হবে, তা নিয়েও স্পষ্টতা প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, অবসর-পরবর্তী ইপিএফ জমার ওপর অর্জিত সুদকেও করমুক্ত করার প্রস্তাব নিয়ে অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনা শুরু করেছে শ্রম মন্ত্রক এবং এ বিষয়ে প্রয়োজনীয় পরিবর্তনের কথা তোলা হবে।
গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত সিবিটি-র ২৪০তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সুবিধার আওতায় অবসরপ্রাপ্ত সদস্যরা মাসিক, ত্রৈমাসিক বা অর্ধ-বার্ষিক ভিত্তিতে প্রভিডেন্ট ফান্ড বা পিএফ সঞ্চয় থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলতে পারবেন। একই সঙ্গে অ্যাকাউন্টে থাকা অবশিষ্ট ব্যালেন্সের ওপর সুদও জমা হতে থাকবে। শ্রম মন্ত্রকের চাওয়া, পিএফ অ্যাকাউন্টের মেয়াদ ৫ বছর পূর্ণ হলে যেমন এককালীন উত্তোলন সাধারণত করমুক্ত হয়, ঠিক তেমনই এসডব্লিউপি-র মাধ্যমে প্রাপ্ত অর্থও যেন করমুক্ত থাকে।
বর্তমান নিয়মে অবসরের পর সদস্যরা ইপিএফ অ্যাকাউন্টে চাঁদা জমা দিতে পারেন না। সিবিটি-র প্রস্তাব অনুযায়ী অবসরের পরেও জমার সুযোগ এলে, তার সুদে কর ছাড়ের বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে প্রস্তাবিত এই কর অব্যাহতি ও চাঁদা সংক্রান্ত নিয়ম তখনই চূড়ান্ত বলে গণ্য হবে, যখন সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে।
এসডব্লিউপি চলাকালীন কোনো সদস্যের মৃত্যু হলে তাঁর নমিনি বা নির্ভরশীলদের জন্যও বিকল্প রাখা হয়েছে। সেক্ষেত্রে তাঁরা অবশিষ্ট পিএফ অর্থ এককালীন তুলে নিতে পারবেন অথবা কিস্তিতে অর্থ পাওয়ার সুবিধা বজায় রাখতে পারবেন। এর ফলে অবসরপ্রাপ্ত সদস্য ও তাঁদের পরিবার সঞ্চয়ের অর্থ আরও গুছিয়ে ব্যবহার করার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।