আসন বণ্টন নিয়ে তুঙ্গে টানাপোড়েন! সমাজবাদী পার্টিকে ফের তীব্র আক্রমণ কংগ্রেস নেতা ইমরান মাসুদের

২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসন বণ্টনের দ্বিতীয় দফার আলোচনার আগেই জোটসঙ্গী সমাজবাদী পার্টির (এসপি) বিরুদ্ধে ফের তোপ দাগলেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর অভিযোগ, কংগ্রেসকে ‘ছোট করার’ চেষ্টা করছে সমাজবাদী পার্টি। লখনউয়ে এক জনসভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাহারানপুরের এই সাংসদকে টিভির বাইটের বদলে সাংগঠনিক কাজে জোর দেওয়ার বার্তা দেওয়ার ঠিক পরদিনই ইমরানের এই মন্তব্য সামনে এল।

শুক্রবার সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে উত্তর প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি ইমরান মাসুদ জোর দিয়ে বলেন, ৪০৩ সদস্যের বিধানসভায় দলের ‘গুণগত মান এবং সংখ্যা’—উভয়ই প্রয়োজন। তিনি প্রশ্ন তোলেন, “আমাদের আসন দিন, আমরা লড়ব এবং জিতব। মুখ্যমন্ত্রীর পদ আপনারা [এসপি] নিন। মুখ্যমন্ত্রিত্ব নিয়ে এখানে কোনো বিরোধ নেই। কিন্তু আপনারা কেন নিজেদের মিত্রকে দুর্বল করার চেষ্টা করছেন? মিত্রকে ছোট করতে চাইছেন কেন?”

কংগ্রেসের নির্বাচনী শক্তি নিয়ে সমাজবাদী পার্টি সন্দেহ প্রকাশ করলে তাদের জোটে থাকার প্রয়োজন কী, সে প্রশ্নও তোলেন ইমরান। সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, “আমরা শূন্য, কিন্তু যেখানেই আমরা জোট বাঁধি, সেখানে প্রভাব দশগুণ বাড়িয়ে দিই।” তাঁর আরও অভিযোগ, তিনি সংযত থাকলেও সমাজবাদী পার্টির নেতারা তাঁর বিরুদ্ধে সরাসরি আক্রমণ শুরু করেছেন।

ঐক্য ও সাংগঠনিক কাজের ডাক খাড়গের বৃহস্পতিবার লখনউয়ে ইমরান মাসুদের নাম করে মল্লিকার্জুন খাড়গে মন্তব্য করেছিলেন যে, তিনি টেলিভিশনে জোরালো বক্তব্য দেন ঠিকই, কিন্তু দলের এখন কথার চেয়ে কাজে বেশি মনোযোগ দেওয়া উচিত। পাশাপাশি দলীয় নেতাদের অভ্যন্তরীণ কোন্দল ও অহংকার নিয়ে সতর্ক করে খাড়গে জোর দেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হারাতে ঐক্য অপরিহার্য।

আসন বণ্টনে অচলাবস্থা সূত্রের খবর অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিক আলোচনা শুরুর পর থেকেই দুই দলের মধ্যে উত্তেজনা বেড়েছে—কংগ্রেস ১২০টি আসন দাবি করলেও সমাজবাদী পার্টি পাল্টা ২৬টি আসনের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে।