আয়বহির্ভূত সম্পত্তি মামলায় বড় স্বস্তি রাহুলের: সিবিআই-ইডি তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে যে নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট, বুধবার তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিজেপির এক কর্মীর দায়ের করা আবেদনের ভিত্তিতে গত মে মাসে হাইকোর্ট ওই দুই সংস্থাকে অভিযোগ যাচাই এবং তদন্তের অগ্রগতি জানিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাহুল গান্ধীর করা আবেদনের শুনানিতেই এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানি হয়। বেঞ্চের অপর দুই বিচারপতি ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা। শুনানিতে রাহুল গান্ধীর তরফে মূল আপত্তি তোলা হয়েছিল যে, তাঁকে কোনও নোটিশ না দিয়ে বা তাঁর বক্তব্য না শুনেই একতরফাভাবে ওই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
রাহুল গান্ধীর সেই যুক্তিকে মান্যতা দিয়ে এলাহাবাদ হাইকোর্টের আগের নির্দেশ বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি, মামলাটির নতুন করে শুনানির জন্য একটি নতুন বেঞ্চ গঠন করতে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
উল্লেখ্য, এর আগে গত ১৭ অগস্ট সুপ্রিম কোর্ট রাহুলের আবেদনের প্রেক্ষিতে নোটিশ জারি করেছিল। সেই সময় মে মাসের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই, ইডি বা অন্য কোনও সংস্থাকে রিপোর্ট জমা দিতে নিষেধ করা হয়েছিল এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাইকোর্টে মামলার শুনানি স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। বুধবারের রায়ে সেই আইনি লড়াইয়ে বড়সড় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা।