আগেও একই অপরাধে জড়িত ছিল অভিযুক্ত! জেল থেকে ছাড়া পাওয়ার কিছুদিন পরেই ফের গ্রেফতার

আরও একবার খবরের শিরোনামে দিল্লি। উত্তর-পশ্চিম দিল্লির একটি পার্কে মাত্র ন’বছরের এক শিশুকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার এই ঘটনা ঘটে। অভিযোগ, ওই দিন পার্কের এক নির্জন জায়গায় শিশুকে টেনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে অভিযুক্ত। শিশুর চিৎকার শুনে আশপাশের কয়েক জন ছুটে আসেন। তাঁরাই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন। সূত্রের খবর, পুলিশের হাতে দেওয়ার আগে স্থানীয় বাসিন্দাদের মারধরের শিকারও হয় ওই ব্যক্তি।

উত্তর-পশ্চিম জেলা পুলিশ পকসো আইন এবং প্রযোজ্য অন্যান্য আইনের ধারায় মামলা (এফআইআর) দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আগেও একই রকম একটি ঘটনায় জড়িত ছিল। কিছু দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে দক্ষিণ দিল্লির আস্থা কুঞ্জ পার্কে ১৭ বছরের এক কিশোরীকে গণধর্ষণের ভয়াবহ ঘটনা ঘটে। ওই ঘটনায়, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় ১৭ বছরের এক বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে গিয়েছিল ওই কিশোরী। সেখান থেকে তারা আস্থা কুঞ্জ পার্কে যায়। পার্কের এক কোণায় ফাঁকা জায়গায় বসে থাকার সময় তিন জন এসে নিজেদের পুলিশ বলে পরিচয় দেয় বলে অভিযোগ।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আসিফ (৩০), হেমন্ত সিংহ (৩১) এবং মুকেশ সিংহ (২৪) নামে তিন জনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। পুলিশের গুলিতে এক জন আহত হয় এবং বাকি দু’জনকে বাড়ি থেকে ধরা হয়।

পুলিশি তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত তিন জন একে অপরকে আগে থেকেই চিনত। এমনকি আস্থা কুঞ্জ পার্ক এলাকা সম্পর্কে তাদের ভালোই জানা ছিল। ওখলা মণ্ডিতে পেঁয়াজের পাইকারি কারবার করা আসিফ পার্কের কাছেই থাকত। প্রায়ই সেখানে যেত। জানা গিয়েছে, বিবাহিত আসিফের ১৩ বছরের একটি মেয়ে রয়েছে। এর আগেও পার্কে ছুরি নিয়ে ঘোরা এবং যুগলদের বিরক্ত করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

নয় বছরের শিশুর উপর এই হেনস্থার ঘটনা দিল্লিতে ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। অভিযুক্ত আগেও একই অপরাধে জড়িত ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে, যা আরও উদ্বেগের কারণ। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অভিযুক্ত ধরা পড়লেও, শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে চিন্তা বাড়ছে।