অহেতুক নির্বাচন পিছিয়ে নয়, দ্রুত নিষ্পত্তির ইঙ্গিত শীর্ষ আদালতের—সোমবার কী হতে চলেছে?

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার শুনানি ফের আগামী সোমবার পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। বুধবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই মামলাটি ফেরত পাঠানোর ইঙ্গিত দিয়েছে।
এদিন শীর্ষ আদালত জানিয়েছে, অহেতুক পুর নির্বাচন পিছিয়ে দিতে তারা ইচ্ছুক নয়। তবে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ এই মামলার নির্দেশে কিছু তথ্যগত ও আইনি দিক বিবেচনায় আনেনি বলে মনে হয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের। সেই দিকগুলি মাথায় রেখে দ্রুত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চই মামলার শুনানি করতে পারে বলে মত প্রকাশ করেছে শীর্ষ আদালত।
এদিন রাজ্যের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রধান বিচারপতির বেঞ্চ তাঁকে কলকাতা পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলা হাইকোর্টে পাঠানোর বিষয়ে রাজ্য প্রশাসনের অবস্থান আগামী সোমবার জানাতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি মামলাকারীরাও নিজেদের বক্তব্য জানাবেন।
শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন, অহেতুক নির্বাচন পিছিয়ে দিতে তাঁরা চান না। অন্যদিকে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, তাঁরা দ্রুততার সঙ্গে বিষয়টির নিষ্পত্তি চান। আদালত প্রস্তাব দিয়েছে, মামলাটি কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের পরিবর্তে ডিভিশন বেঞ্চই নতুন করে বিবেচনা করুক।
সলিসিটর জেনারেল তুষার মেহতা সোমবারের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ নিয়ে রাজ্যের অবস্থান আদালতে জানাবেন বলে জানিয়েছেন। অপরদিকে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, মামলাকারীরাও প্রয়োজনীয় নির্দেশ নিয়ে নিজেদের বক্তব্য জানাবেন।
উল্লেখ্য, গত সোমবার ২৩ নভেম্বরের শুনানিতে শীর্ষ আদালত কলকাতা পুরনিগমের ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল। বিশেষ করে পুরনিগমের নির্বাচিত বোর্ডের পরিবর্তে প্রশাসক দায়িত্বে থাকার সময় কীভাবে পুরনিগমের সুপারিশ দেখিয়ে রাজ্য এই সিদ্ধান্ত নিল, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ।
গত ৮ জুন কলকাতা কর্পোরেশনের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। আপাতত পুর কমিশনার স্মিতা পাণ্ডেই কলকাতা পুরনিগমের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচিত বোর্ড না থাকা সত্ত্বেও কীভাবে রাজ্যের নগর উন্নয়ন দফতর সুপারিশ নিয়ে ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন করেছে, তা নিয়েই প্রশ্ন তুলেছে আদালত।