২০১৭ সালের পোস্টে সাঈদের প্রশংসা! পাকিস্তানি অভিনেতাকে ঘিরে ক্ষোভ, ভারতে কি আসবে ‘জো বাচে হ্যায় সঙ্গ সামাত লো’?

২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের সঙ্গে পাকিস্তানি অভিনেতা হামজা আলি আব্বাসির একটি পুরোনো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সামাত লো’। ২০১৭ সালে সোশ্যাল মিডিয়ায় হাফিজ সাঈদের সঙ্গে ছবি ভাগ করে হামজা তাঁকে খুব ভালো ও বিনয়ী ব্যক্তি এবং পাকিস্তানের সবচেয়ে ভুল বোঝা মানুষ বলে বর্ণনা করেছিলেন; সেই পুরোনো মন্তব্য সামনে আসতেই ক্ষোভ ছড়িয়েছে। উল্লেখ্য, লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদ জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী এবং ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলায় ১৬৬ জন নিরীহ মানুষের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত।

এই ছবি সামনে আসার পর নেটফ্লিক্সের বিরুদ্ধেও সমালোচনা শুরু হয়েছে এবং এমন একজন অভিনেতাকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রাখা নিয়ে প্রশ্ন তুলছেন ভারতীয় নেটিজেনরা। প্রকাশ্যে ক্ষমা ও ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি পাকিস্তানেও বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে; পাকিস্তানি আইনজীবী ও লেখক মুনিব কাদিরও হাফজার মন্তব্যের ব্যাখ্যা দাবি করেছেন।

ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত রোমান্টিক ড্রামা ‘জো বাচে হ্যায় সঙ্গ সামাত লো’-তে ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, হানিয়া আমির ও হামজা আলি আব্বাসি অভিনয় করেছেন। ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির কথা থাকলেও ভারতে এর মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে। পহেলগাম সন্ত্রাসী হামলার পর ওটিটি মঞ্চগুলিতে পাকিস্তানি কন্টেন্ট না রাখার নির্দেশিকা ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পূর্বের আশ্বাসের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, ফলে বিতর্কের মাঝে ভারতে সিরিজটি মুক্তি পাবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।