ফাওয়াদ খানের সিরিজ ঘিরে তুঙ্গে বিতর্ক, নেটফ্লিক্সকে কড়া হুঁশিয়ারি অশোক পণ্ডিতের!

ফাওয়াদ খান অভিনীত পাকিস্তানি সিরিজ ‘Jo Bachay Hain Sang Samait Lo’ ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। এবার এই ইস্যুতে বলিউডের একাংশের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন পরিচালক তথা ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত। তাঁর প্রশ্ন, আমাদের ইন্ডাস্ট্রির মানুষজন সামনে আসছেন না কেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অশোক জানান, পাকিস্তানি বিনোদন জগতের সঙ্গে কোনও রকম পেশাগত বা বাণিজ্যিক সম্পর্ক রাখতে নারাজ তাঁরা। তাঁর মতে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। দেশের নিরাপত্তারক্ষী, তাঁদের পরিবার এবং সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি সম্মান জানানো উচিত। এই পরিস্থিতিতে গোটা বলিউডের একজোট হয়ে প্রতিবাদ করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।
অশোক পণ্ডিত আরও জানান, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এই সিরিজের ভারতে মুক্তির বিরোধিতা করেছে। শুধু তাই নয়, নেটফ্লিক্সকে কড়া বার্তাও দিয়েছেন তিনি। তাঁর হুঁশিয়ারি, প্ল্যাটফর্মটি যদি তাঁদের আপত্তিকে গুরুত্ব না দেয় এবং জাতীয় আবেগকে সম্মান না করে, তা হলে দেশজুড়ে নন-কোঅপারেশন ডিরেক্টিভ জারি করা হতে পারে। অর্থাৎ, নেটফ্লিক্সের কোনও প্রযোজনায় কাজ করবেন না ভারতীয় কর্মী ও কলাকুশলীরা। ফলে ভারতে তাঁদের শুটিং করাও কঠিন হয়ে পড়বে বলে দাবি পরিচালকের।
উল্লেখ্য, ‘Jo Bachay Hain Sang Samait Lo’ সিরিজে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির, সনম সইদ-সহ একাধিক পাকিস্তানি তারকা। আগামী ৪ ডিসেম্বর সিরিজটি মুক্তির কথা। কিন্তু ভারতে এই সিরিজের সম্প্রচার নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে একাধিক চলচ্চিত্র সংগঠন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকও নেটফ্লিক্সকে পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার না করার বিষয়ে আগের নির্দেশিকা মেনে চলার কথা জানিয়েছে। ফলে সিরিজটির ভারতীয় দর্শকদের জন্য মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।