স্পেনের মধ্যবর্তী নির্বাচনে দুপুর ২টো পর্যন্ত ৪৫.৭১% ভোট! বাড়ল ভোটারদের উৎসাহ

স্পেনের মধ্যবর্তী সাধারণ নির্বাচনে রবিবার দুপুর ২টো পর্যন্ত ৪৫.৭১ শতাংশ ভোট পড়েছে, যা ২০২৩ সালের সাধারণ নির্বাচনের একই সময়ের তুলনায় বেশি। দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত নির্বাচনের ঠিক ওই সময়ে ভোটের হার ছিল ৪০.৪৮ শতাংশ। আবাসন, অভিবাসন এবং অর্থনীতির মতো ইস্যুতে এবার মূল লড়াই চলছে বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সোশ্যালিস্ট পার্টি (পিএসওই) এবং আলবার্তো নুনিয়েজ ফেইহোর নেতৃত্বাধীন রক্ষণশীল পিপলস পার্টির (পিপি) মধ্যে।
স্পেনে মোট ৩ কোটি ৮৬ লক্ষেরও বেশি ভোটার রয়েছেন। স্থানীয় সময় সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় এবং রাত ৮টা পর্যন্ত ভোট চলে। ভোট শেষ হওয়ার পরই প্রাথমিক ফলাফল আসতে শুরু করবে এবং মাঝরাতের আগেই ভোটের সামগ্রিক ছবি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
গত মাসে সংসদে আবাসন সমস্যা মোকাবিলায় একটি বিল পেশ করেছিল সানচেজের নেতৃত্বাধীন বামপন্থী সরকার, কিন্তু ডানপন্থী দলগুলির বিরোধিতায় তা খারিজ হয়ে যায়। এরপরই মধ্যবর্তী নির্বাচনের ডাক দেন প্রধানমন্ত্রী। ভোটের আগের জনমত সমীক্ষাগুলি বলছে, পিপলস পার্টি এককভাবে সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসতে পারে। তবে ৩৫০ আসনের কংগ্রেস অফ ডেপুটিসে সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৭৬টি আসন প্রয়োজন হওয়ায়, সান্তিয়াগো আবাসকালের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ভক্সের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বাড়ি ভাড়া ও সম্পত্তির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ, অভিবাসন নীতি, স্বাস্থ্য পরিষেবা এবং অর্থনীতি এবারের ভোটের বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও প্রচারে উঠে এসেছে। যদিও সানচেজ ও তাঁর পরিবার দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন।
নির্বাচন ঘিরে গোটা ইউরোপীয় ইউনিয়ন সতর্ক নজর রাখছে, কারণ ইউরোপের যে কয়েকটি বড় দেশে এখনও মধ্য-বামপন্থীরা ক্ষমতায় রয়েছে, স্পেন তার অন্যতম। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১ লক্ষেরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রক। কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠনে জোটের সমীকরণই নির্ণায়ক ভূমিকা নেবে।