সৌরভের কুইজ শোয়ে সুর-কণ্ঠ জিৎ গাঙ্গুলির, মা হারানোর শোকের মাঝেই বড় চমক!

স্টার জলসায় শিগগিরই শুরু হতে চলেছে নতুন রিয়্যালিটি কুইজ শো ‘খেলো বাংলা’। শোয়ের সঞ্চালনায় থাকছেন সৌরভ গাঙ্গুলি। সম্প্রচার শুরুর আগেই সামনে এল বড় চমক। এই শোয়ের টাইটেল ট্র্যাকে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন জনপ্রিয় গায়ক ও সুরকার জিৎ গাঙ্গুলি। কোনো গেম বা রিয়্যালিটি শোয়ের টাইটেল ট্র্যাকে তাঁর গাওয়া এটিই প্রথমবার।
সম্প্রতি কলকাতায় আয়োজিত সাংবাদিক বৈঠকে শোয়ের ধরন নিয়ে মুখ খোলেন সৌরভ গাঙ্গুলি। তিনি জানান, এটি মূলত একটি কুইজ শো, যেখানে থাকবে প্রাইজ মানি। প্রতিদিন ২০ জন দর্শক এসে প্রশ্ন করার সুযোগ পাবেন। সৌরভ নিজেও প্রশ্ন করবেন এবং প্রতিযোগীদের উত্তর দিতে হবে। জীবন ও খেলাধুলাসহ নানা বিষয় এই কুইজের আওতায় থাকবে। পুরো ফরম্যাট এখনই ফাঁস না করলেও সৌরভ জানান, এই শো সমাজের প্রচলিত কিছু ধারণাকে ভাঙবে এবং বদলাবে।
নিজের ভূমিকা প্রসঙ্গে সৌরভ বলেন, এই শোয়ে তিনি খেলাবেন, খেলবেন এবং নিজেও অংশ নেবেন। ফলে দর্শকরা তাঁকে নতুন রূপে দেখতে পাবেন বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রতিযোগীদের কোন গুণগুলো থাকা জরুরি, সে প্রশ্নে সৌরভ স্পষ্ট জানান, জীবনের গল্প, উত্তেজনা এবং অবশ্যই জ্ঞান থাকতে হবে, কারণ সঠিক উত্তর দেওয়ার জন্য জ্ঞানের বিকল্প নেই।
বর্তমানে স্টার জলসায় ‘বিগ বস বাংলা’ সঞ্চালনা করছেন সৌরভ গাঙ্গুলি। প্রতিযোগীদের সঙ্গে খুনসুটি, ভুল ধরিয়ে দেওয়া কিংবা ভালো কাজের প্রশংসা—সব মিলিয়ে তাঁর সঞ্চালনায় শোয়ের দর্শকসংখ্যা বেড়েছে। আগামী সপ্তাহেই শেষ হচ্ছে ‘বিগ বস বাংলা’, আর তার পরেই শুরু হবে ‘খেলো বাংলা’।
এদিকে, এই ঘোষণা ও চমকের মাঝেই ব্যক্তিগত শোকের মধ্য দিয়ে যাচ্ছেন জিৎ গাঙ্গুলি। গত ২৭ নভেম্বর ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন তাঁর মা। মায়ের মৃত্যুসংবাদ জানিয়ে সমাজমাধ্যমে জিৎ লেখেন, পৃথিবীটা শূন্য হয়ে গেল।