টেস্ট ছাড়তেই রাজনীতিতে শামি? বিজেপি সভাপতির সঙ্গে সাক্ষাতে তুঙ্গে জল্পনা!

টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই রাজনীতির আঙিনায় মহম্মদ শামির পা রাখার জল্পনা জোরদার হলো। রবিবার নয়াদিল্লিতে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক করলেন ভারতীয় দলের তারকা পেসার। এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক ও ক্রীড়া মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে বৈঠকে ঠিক কী নিয়ে কথা হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।
এই বৈঠকে বিজেপি-র সংখ্যালঘু মোর্চার সভাপতি কুঁওয়ার বাসিত আলিও উপস্থিত ছিলেন। সামনেই ২০২৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে শামির এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর ঠিক এক সপ্তাহ আগেই শামির প্রাক্তন সতীর্থ যুজবেন্দ্র চাহাল বিজেপি-তে যোগ দিয়েছেন এবং দলের ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য হয়েছেন। সেই ঘটনার পর শামির সঙ্গে বিজেপি শীর্ষ নেতৃত্বের বৈঠক জল্পনাকে আরও উসকে দিয়েছে।
এর আগেও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করে আলোচনায় এসেছিলেন শামি। গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) প্রধান জয়ন্ত চৌধুরীর সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরেও উত্তরপ্রদেশের ভোটের প্রেক্ষিতে জল্পনা তৈরি হয়েছিল। যদিও আরএলডি-র তরফে তখন জানানো হয়েছিল, আমরোহায় ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে অর্থ বরাদ্দ করার জন্য জয়ন্তকে ধন্যবাদ জানাতেই শামি গিয়েছিলেন।
৩৬ বছর বয়সি শামি ভারতের হয়ে শেষ খেলেছেন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। গত ৬ নভেম্বর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ৬৪টি টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ২২৯টি উইকেট। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালই ছিল তাঁর শেষ টেস্ট। টেস্ট ছাড়লেও শামি স্পষ্ট করেছেন যে তিনি সাদা বলের ক্রিকেট—অর্থাৎ ওডিআই ও টি-২০ খেলা চালিয়ে যাবেন। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলার পাশাপাশি আগামী আইপিএল-এ রাজস্থান রয়্যালসের জার্সিতে দেখা যাবে তাঁকে।